আইনের এক ছাত্রীকে ধর্ষণের মামলায় উত্তরপ্রদেশের প্রবীণ বিজেপি নেতা স্বামী চিন্ময়ানন্দকে ধবার গ্রেফতার করল যোগীর পুলিশ। সূত্রের খবর, উত্তরপ্রদেশ পুলিশের স্পেশ্যাল টিম বিজেপির এই প্রভাবশালী নেতাকে গ্রেফতার করে। হাসপাতালে মেডিক্যাল চেকআপের পর, আদালতে পেশ করা হল, চিন্ময়ানন্দকে ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়। বাহাত্তর বছর বয়সি এই নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনেন আইন পাঠরত বছর তেইশের এক ছাত্রী। উল্লেখ্য অটলবিহারী বাজপেয়ীর সরকারে স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিমন্ত্রী ছিলেন স্বামী চিন্ময়ানন্দ। পুলিশ সূত্রে খবর, স্বামী চিন্ময়ানন্দের বিরুদ্ধে ৩৭৬ সি (কর্তৃপক্ষের কোনও ব্যক্তির দ্বারা যৌন মিলন), ৩৫৪ ডি (চুপিসারে অনুসরণ করা), ৩৪২ (অন্যায় ভাবে আটকে রাখা) ও ৫০৬ (ভয় দেখানো) ধারায় মামলা রুজু হয়েছে। এই ধর্ষণের অভিযোগ সামনে আসার পরেই উত্তরপ্রদেশ পুলিশ বিশেষ তদন্তকারী দল গঠন করে, তদন্তভার তুলে দেয়। গত বছর ২৪ অগস্ট থেকে নিখোঁজ হয়ে যান আইনের ওই ছাত্রী। নিখোঁজ হওয়ার আগে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো পোস্ট করেন।