কলকাতায় বঙ্গ ভোটে বিজেপির অন্যতম স্টার ক্যাম্পেনার অভিনেত্রী তথা সাংসদ কঙ্গনা রানাওয়াত ৷ বিধানসভা নির্বাচনের প্রচার শুরু করার আগে মঙ্গলবার বঙ্গে এসে কালীঘাট মন্দিরে পুজো দিলেন তিনি । তাঁর পরনে ছিল গোলাপি ও কমলা রংয়ের শাড়ি এবং গলায়, হাতে-কানে ভারী গয়না ৷ গায়ে লাল ওড়না, হাতে ফুলের সাজি ৷ এদিন কালীঘাটে নকুলেশ্বর ভৈরব মন্দিরেও পুজো দেন তিনি ৷ কালীঘাট মন্দিরে পুজো দিয়ে বেরিয়ে এসে কঙ্গনা রানাওয়াত বলেন, “আমি বরাবরই মা শক্তির উপাসক । আজ আমি মা কালীর দর্শন করলাম । গোটা দেশ তথা বাংলার ও বাংলার জনগণের কল্যাণের প্রার্থনা করলাম । অমৃতকালের কল্যাণের কথা জানালাম ।” তিনি আরও বলেন, “বিশেষ করে বাংলার মহিলা এবং কন্যাদের উদ্ধারের প্রার্থনা জানিয়েছি মায়ের কাছে । তারা যাতে ন্যায় পায় সেই প্রার্থনাও আজ মায়ের কাছে করে গেলাম । তাঁদের যেন কল্যাণ করেন মা । মা কালী সবাইকে সৎ বুদ্ধি দিক, বাংলার মানুষকে ভালো রাখুন এই প্রার্থনাও করেছি আজ ।” বিজেপির তরফে জানা গিয়েছে, মঙ্গলবার শহরে এলেও এখনই ভোট প্রচার শুরু করছেন না কঙ্গনা রানাওয়াত ৷ শুধুমাত্র কালীঘাটে পুজো দেওয়ার জন্যই তিনি এদিন শহরে এসেছিলেন ৷ এদিন বিকেল সাড়ে ছ’টার সময় তিনি আবার ফিরে যাচ্ছেন ৷ তবে পরবর্তীতে তিনি কবে থেকে বাংলায় বিজেপির হয়ে প্রচার শুরু করবেন, সেই দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি বলেই খবর বিজেপি সূত্রে । এবারে বঙ্গে বিজেপির ভোট প্রচারে শিডিউল-1 তালিকায় রয়েছেন 40 জন ‘স্টার ক্যাম্পেনার’ ৷ তাতে হেভিওয়েটদের মধ্যে যেমন রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, রয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতীন নবীন থেকে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং । তেমনই রয়েছেন বলিউডের একাধিক মুখ । বঙ্গ রাজনীতিতে গ্ল্যামারের ছোঁয়া বজায় রাখতে ভোট প্রচার চালাবেন ‘কুইন’ সিনেমাখ্যাত অভিনেত্রী তথা বিজেপি সাংসদ কঙ্গনা রানাওয়াত । তেমনই থাকছেন বর্ষীয়ান বিজেপি নেত্রী ও অভিনেত্রী হেমা মালিনী । বিজেপির হয়ে প্রচার চালাবেন অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীও । তালিকায় রয়েছেন অভিনেতা মনোজ তিওয়ারিও । এছাড়াও বিজেপির হয়ে প্রচারের ময়দানে নামছেন সদ্য দলে যোগদান করা টেনিস আইকন লিয়েন্ডার পেজ । থাকবেন বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরাও ৷

