তৃণমূল ৫১, সিপিএম ১, বিজেপি ০
গত বিধানসভা ভোটে রাজ্য জুড়ে জয়ধ্বজা ওড়ালেও নন্দীগ্রামে জয়ের মুখ দেখেনি তৃণমূল। তাই এবার সমবায় সমিতির ভোটে কী হবে, তা নিয়ে উত্তেজনা ছিল তুঙ্গে। এবার সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে বিজেপিকে কার্যত ক্লিন বোল্ড করে দিল তৃণমূল। এই নির্বাচনে সেখানে একটি আসনেও জয়ী হতে পারেনি তারা। আর সেখানে ৫২টি আসনের মধ্যে ৫১টি আসনেই জয় ছিনিয়ে নিয়েছে ঘাসফুল শিবির। মাত্র একটি আসনে জয়ী হয়েছেন সিপিআইএম প্রার্থী। এপ্রসঙ্গে বিজেপির পক্ষ থেকে দক্ষিণ মণ্ডল সভাপতি অরূপ জানা বলেন, “বিজেপির তরফে সেভাবে জনসংযোগ করা সম্ভব হয়নি। তাই দল একটি আসনেও জয়ী হতে পারেনি।” এই জয়ের পর কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। তৃণমূলের তরফে নন্দীগ্রাম ২ পঞ্চায়েত সমিতি ও দলীয় নেতা পরিতোষ জানা বলেন, এই জয় এলাকাবাসীর জয়। যে মীরজাফর, গদ্দার তিনি দেখে যান, সমবায়ে দাঁড়ালেও পরাজিত করব। নন্দীগ্রামের মানুষ তৃণমূলের সঙ্গে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামে কেন এই ছবি? তার উত্তর খুঁজতে পর্যালোচনা শুরু হয়েছে বিজেপি-র অন্দরে।

