রাজ্যের সবকটি পুরসভায় একসঙ্গে ভোট করার দাবি তুলল বিজেপি। আর তা একান্তই সম্ভব না হলে অন্তত একই দিনে গণনা করতে হবে, এমন দাবিতে সরব হয়েছে গেরুয়া শিবির। এমনকী তারা রাজ্য নির্বাচন কমিশনে তদ্বিরও করেছে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের হাতে তুলে দিয়েছে দাবি সম্বলিত স্মারকলিপি। সোমবার রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার সাংবাদিক বৈঠক করে হুঁশিয়ারি দেন, রাজ্যের সবকটি পুরসভায় বকেয়া ভোট একসঙ্গে না হলে মামলা করা হবে। রাজ্য সরকার সবে প্রাথমিক পর্যায়ে পুরভোটের প্রস্তুতি নিতে শুরু করেছে। তারই মধ্যে রাজ্যের প্রধান বিরোধী দলের তরফে মামলার হুঁশিয়ারি। বিজেপির দাবি ২০১৮ সাল থেকে পুরভোট আটকে রাখা হয়েছে। এখন শুধু কলকাতা ও হাওড়ার পুরসভার ভোট করাতে চাইছে রাজ্য সরকার। কেন শুধু হাওড়া ও কলকাতার পুরভোট হবে। বাকি শতাধিক পুরসভার ভোট কেন হবে না? আমরা চাই একসঙ্গে ভোট হোক রাজ্যের সমস্ত পুরসভায়। সেই দাবি নিয়েই আমরা রাজ্য নির্বাচন কমিশনে দাবি জানিয়েছি।

