গুজরাতে ভদোদরায় হারানি লেকে স্কুল থেকে পিকনিকে গিয়ে বোট ডুবে যাওয়াতে মৃত্যু হল ১৬ জনের৷ লাইফ জ্যাকেট পরা ছিল না কারও। ওই বোটে মোট ৩১ জন যাত্রী ছিল বলেই জানা গিয়েছে৷ এদের মধ্যে ২৩ জন পড়ুয়া, ৪ শিক্ষক ও ৪ শিক্ষাকর্মী ছিলেন৷ এখনও চলছে উদ্ধারকাজ৷ এখনও পর্যন্ত পাঁচজনকে জীবিত উদ্ধার করা হয়েছে৷ এখনও পর্যন্ত ১৪ পড়ুয়া ও ২ শিক্ষকের দেহ উদ্ধার হয়েছে৷ নিখোঁজ রয়েছে ৬ ছাত্র৷ মৃত পড়ুয়ারা ভদোদরার একটি বেসরকারি স্কুলের পড়ে। নাম, ‘নিউ সানরাইজ’। স্কুল থেকে তাঁদের পিকনিক নিয়ে যাওয়ার ব্যবস্থা হয়েছিল। সঙ্গে গিয়েছিলেন শিক্ষকরা। কীভাবে দুর্ঘটনা? ভদোদরার হার্নি লেকে একটি নৌকায় চেপেছিল ৩১ জন। সেই নৌকাটি ডুবে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং দমকলবাহিনী। যুদ্ধকালীন তৎপরতা শুরু হয় উদ্ধার হয়। এখনও পর্যন্ত ১০ জনকে উদ্ধার করা গিয়েছে বলে খবর। গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল জানিয়েছেন, ‘হারানি হ্রদের ঘটনা অত্যন্ত হৃদয় বিদারক৷ যে শিশুদের মৃত্যু হয়েছে, তাদের আত্মার শান্তি কামনা করি৷ প্রয়াতদের পরিজনদের প্রতিও আমার সমবেদনা রইল৷ এই প্রবল শোক সহ্য করার মতো শক্তি তাদের পরিবারের লোকেদের ঈশ্বর দিন৷ এখনও নৌকায় থাকা শিক্ষক ও শিশুদের উদ্ধার করার কাজ চলছে৷ স্থানীয় প্রশাসনকে সকলকে প্রয়োজনীয় সাহায্য দেওয়ার অনুরোধ করা হয়েছে৷’ মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা আর্থিক সাহায্য ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

