তৃণমূলের একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টররেট (ইডি) ৷ এর বিরুদ্ধে মামলা দায়ের করেছে কালীঘাট তৃণমূল ৷ সোমবার কলকাতা হাইকোর্টে সেই মামলার শুনানি হয় ৷ সেখানে এই মামলার পার্টি হওয়ার জন্য আবেদন জানান বিধানসভার বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তবে সেই আবেদন খারিজ করে দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি কৃষ্ণা রাও। তিনি জানান, তৃণমূলের কর্তৃত্বের বিষয়টি যেহেতু নির্বাচন কমিশনের কাছে বিচারাধীন ৷ তাই আদালত এখনই এই বিষয়ের মধ্যে ঢুকতে চায় না ৷ এদিন আদালতে এই মামলার শুনানির শুরুতেই ইডির পক্ষ থেকে অ্যাডিশনাল সলিসিটর জেনারেল এসভি রাজু মামলার নথিতে ডেরেক ও’ব্রায়েন সই নিয়ে আপত্তি তোলেন। তিনি বলেন, ‘‘তৃণমূল কংগ্রেসের জাতীয় কার্যকরী কমিটির পক্ষ থেকে অথরাইজেশন দেওয়া হয়নি ডেরেক ও’ব্রায়েন-কে। একজন পার্টির সদস্য এভাবে ব্যাঙ্ক অ্য়াকাউন্ট ফ্রিজ করা নিয়ে মামলার নথিতে সই করলে, সেই মামলা শোনা উচিত নয় আদালতের। কারণ, এখানে তথ্য গোপন করা হতে পারে।’’
তৃণমূল কংগ্রেসের পক্ষে আইনজীবী অভিষেক মনু সিংভি পাল্টা বলেন, ‘‘এর আগে ৯ জুলাই কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য এই মামলাকারীর আবেদনের পরিপ্রেক্ষিতে একটা অন্তর্বর্তীকালীন নির্দেশ দিয়েছেন। ফলে তথ্য গোপন করার অভিযোগ আসছে কীভাবে?’’ তিনি আরও বলেন, ‘‘৭ জুলাই ইডি তিনটি অ্যাকাউন্ট ফ্রিজ করেছে। এখন পর্যন্ত মোট আটটি অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। এবং বিষয়টি আমরা বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে আগেই হলফনামা দিয়ে জানিয়েছি। মে মাসের ৪ তারিখের আগে এই অ্য়াকাউন্ট থেকেই টাকা নিয়ে নির্বাচনে লড়াই করেছেন প্রার্থীরা। তখন কোনও অভিযোগ ছিল না। ১৮ জুন একটা অভিযোগের পরিপ্রেক্ষিতে ১৯ জুন অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়। একটা রাজনৈতিক দলের কাজকর্ম বন্ধ করে দেওয়ার উদ্দেশ্যে পুলিশ তিনটি অ্যাকাউন্ট ফ্রিজ করে দেয়। 7 জুলাই ফের ইডি অ্যাকাউন্ট ফ্রিজ করে।’’

