এসএসসি নিয়োগ দুর্নীতিকাণ্ডে রোহিত শর্মাকে তলব করল সিবিআই। রহিত শর্মা আদতে প্রসন্ন রায়ের কোম্পানিতে কর্মরত এক ব্যক্তি ৷ মূলত প্রসন্নর ট্রান্সপোর্টের ব্যবসার দেখাশোনা করতেন রোহিত শর্মা নামে ওই যুবক ৷ শিক্ষা দুর্নীতিকাণ্ডে ধৃত প্রসন্ন রায়ের নিউটাউনের অফিসে তল্লাশি চালিয়ে একাধিক কাগজপত্র উদ্ধার করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা ৷ সেখান থেকেই জানা যায়, ধৃত প্রসন্ন রায়ের একাধিক ব্যবসা রয়েছে এবং সেগুলির মধ্যে অন্যতম, ট্যুর এন্ড ট্র্যাভেলসের ব্যবসা ৷ কিন্তু, তদন্তে নেমে সিবিআই এর গোয়েন্দারা জানতে পারেন, ট্যুর এন্ড ট্র্যাভেলসের পাশাপাশি প্রসন্নর ট্রান্সপোর্টের ব্যবসাও ২০১৪ সাল থেকে ফুলেফেঁপে উঠেছে ৷ মূলত এসএসসি ভবনের একাধিক উচ্চপদস্থ আধিকারিকদের জন্য প্রসন্নর সংস্থা থেকেই গাড়ি ভাড়ায় নেওয়া হত ৷ সিবিআইয়ের অনুমান, সেখানেও একটি দুর্নীতি হয়েছে ৷ ইতিমধ্যেই এসএসসি দুর্নীতিকাণ্ডে রাজ্যের তৎকালীন এসএসসি-র উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহা এবং আধিকারিক অশোক সাহাকে গ্রেফতার করেছে সিবিআই ৷ গোয়েন্দারা জানতে পেরেছেন, বিভিন্ন সময়ে এই প্রসন্ন রায়ের সংস্থার এসইউভি গাড়ি চড়তেন শান্তিপ্রসাদ সিনহা ৷ ফলে সিবিআইয়ের অনুমান, এই ট্রান্সপোর্টের ব্যবসার সঙ্গে এসএসসি দুর্নীতিকাণ্ডের একটি যোগ রয়েছে ৷ সেই তদন্তেই সিবিআই আধিকারিকরা রোহিত শর্মা নামে ওই যুবকের নাম জানতে পেরেছেন ৷ তাঁকে আগামিকাল নিজাম প্যালেসে সিবিআই এর দুর্নীতি দমন শাখার আধিকারিকরা নিজাম প্যালেসে তলব করেছেন বলে সিবিআই সূত্রে খবর ৷