রান্নার গ্যাসের উপর থেকে চাপ কমাতে এবার দর বাড়ল কেরোসিনের ৷ মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাবে বিশ্বব্যাপী জ্বালানিতে টালমাটাল পরিস্থিতিতে কেরোসিন বিক্রি সংক্রান্ত নিয়মাবলী কিছুটা শিথিল করল কেন্দ্রীয় সরকার । এর ফলে এখন থেকে গণবন্টন ব্যবস্থা (PDS) এবং পেট্রল পাম্পের মাধ্যমে গৃহস্থালি ব্যবহারের জন্য কেরোসিন বিক্রি করা যাবে । রান্নার গ্যাস বা এলপিজি-র ওপর চাপ কমাতে এবং পরিস্থিতি সামাল দিতে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক গত 29 মার্চ একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে । এই বিজ্ঞপ্তির মাধ্যমে 60 দিনের একটি জরুরি পদক্ষেপের কথা বলা হয়েছে । ওই বিজ্ঞপ্তি অনুযায়ী, 21টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে—যেগুলোকে আগে ‘PDS SKO-মুক্ত’ (গণবন্টন ব্যবস্থার মাধ্যমে কেরোসিন বন্টনমুক্ত) হিসেবে ঘোষণা করা হয়েছিল—সেখানে সাময়িকভাবে আবারও PDS-এর মাধ্যমে কেরোসিন বন্টন চালু করা হবে । এই পদক্ষেপের মূল উদ্দেশ্য, যেসব পরিবার এলপিজি সঙ্কটের সম্মুখীন হচ্ছে, তাদের যেন গৃহস্থালি কাজকর্মের জন্য প্রয়োজনীয় জ্বালানির সরবরাহ অব্যাহত থাকে, তা নিশ্চিত করা ৷ এলপিজি ছাড়াও যাতে কেরোসিন ব্যবহার করে গৃহস্থালির কাজ করা যায় তার জন্যই এই সিদ্ধান্ত ৷

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে যে, শিথিল করা নিয়মাবলীর আওতায় পেট্রল পাম্পগুলোকে সীমিত পরিমাণে কেরোসিন মজুত ও বন্টন করার অনুমতি দেওয়া হবে । এর ফলে গৃহস্থালি রান্নাবান্না ও আলোর প্রয়োজনে জ্বালানির জোগান নিশ্চিত করা সম্ভব হবে । বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে প্রভাব বিস্তারকারী বর্তমান ভূ-রাজনৈতিক পরিস্থিতির কথা বিবেচনা করে, কেন্দ্রীয় সরকার গণবন্টন ব্যবস্থার (PDS) মাধ্যমে ‘সুপিরিয়র কেরোসিন অয়েল’ (SKO) বন্টনের জন্য রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলোতে একটি সাময়িক বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে । এই বরাদ্দের আওতায় সেই 21টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলও অন্তর্ভুক্ত, যেগুলো আগে PDS SKO-মুক্ত ছিল । গৃহস্থালি পর্যায়ে রান্নাবান্না ও আলোর প্রয়োজনে এই কেরোসিন বন্টন করা হবে ।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে যে, ‘পেট্রোলিয়াম ও বিস্ফোরক সুরক্ষা সংস্থা’র (PESO) প্রধান নিয়ন্ত্রক (Chief Controller) রাষ্ট্রায়ত্ত তেল বিপণন সংস্থাগুলোকে (PSU OMCs) এই বিষয়ে একটি সাময়িক অনুমতি প্রদান করেছেন । ইন্ডিয়ান অয়েল (Indian Oil), বিপিসিএল (BPCL) এবং এইচপিসিএল (HPCL)-এর মতো তেল বিপণন সংস্থাগুলোকে (OMCs) তাদের বিদ্যমান সার্ভিস স্টেশন বা পাম্প চত্বরের ভিতরে অবস্থিত কোনও শেড বা গুদামে 2500 লিটার পর্যন্ত কেরোসিন মজুত করার অনুমতি দেওয়া হয়েছে ।

এছাড়াও বলা হয়েছে, PDS SKO-মুক্ত রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর প্রতিটি জেলায়, রাজ্য সরকার বা কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসন কর্তৃক মনোনীত রাষ্ট্রায়ত্ত তেল বিপণন সংস্থাগুলোর (PSU OMCs) সর্বোচ্চ দুটি সার্ভিস স্টেশন—বিশেষত যেগুলো ‘কোম্পানি ওনড, কোম্পানি অপারেটেড’ (COCO) বা কোম্পানির নিজস্ব মালিকানাধীন ও পরিচালিত—সেগুলোকে এই অনুমতি দেওয়া হল । ‘পেট্রোলিয়াম বিধিমালা, 2002’-এর 141 নম্বর বিধি অনুযায়ী ‘ফর্ম XIV’-এর (যা মোটরযানে জ্বালানি সরবরাহের পাম্পের সঙ্গে যুক্ত ট্যাঙ্কে পেট্রোলিয়াম মজুত করার লাইসেন্স হিসেবে গণ্য হয়) অধীনে লাইসেন্সপ্রাপ্ত এই স্টেশনগুলো এখন থেকে বাল্ক বা পাইকারি আকারে না হলেও, 5000 লিটার পর্যন্ত PDS SKO মজুত করতে পারবে ।

বিজ্ঞপ্তি অনুযায়ী, PDS SKO-এর এজেন্ট বা ডিলাররাও ‘পেট্রোলিয়াম বিধিমালা, 2002’-এর 141 নম্বর বিধির অধীনে ‘ফর্ম XVIII’-এ { যাবে চালিত যানবাহন থেকে পাত্রে কেরোসিন (পেট্রোলিয়াম শ্রেণি-B) স্থানান্তরের লাইসেন্স} গ্রহণ করা থেকে অব্যাহতি পাবেন লাইসেন্সপ্রাপ্ত ট্যাঙ্কার বা ট্যাঙ্ক-যানবাহনগুলোও রাষ্ট্রায়ত্ত তেল বিপণন সংস্থাগুলোর (PSU OMCs) সার্ভিস স্টেশনগুলোতে PDS SKO স্থানান্তরের (decanting) জন্য ‘ফর্ম XVIII’-এর লাইসেন্স গ্রহণ করা থেকে অব্যাহতি পাবে ।

উক্ত বিজ্ঞপ্তিতে বেশ কিছু শর্তেরও উল্লেখ রয়েছে :

  • এই ছাড় এবং অনুমতিসমূহ শুধুমাত্র সংশ্লিষ্ট PDS SKO-মুক্ত রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর (UTS) দ্বারা নির্ধারিত সার্ভিস স্টেশনগুলোতে রান্না ও আলো জ্বালানোর উদ্দেশ্যে PDS কেরোসিন বিতরণ প্রযোজ্য হবে ।
  • এই ধরনের কোনও সার্ভিস স্টেশনে মজুতকৃত PDS কেরোসিনের পরিমাণ 5000 লিটারের বেশি হওয়া যাবে না ।
  • প্রধান নিয়ন্ত্রক (Chief Controller) কর্তৃক জারিকৃত সমস্ত নিরাপত্তা বিধি, পরিচালনা পদ্ধতি এবং কার্যনির্বাহী নির্দেশিকা কঠোরভাবে মেনে চলতে হবে ।
  • রাষ্ট্রায়ত্ত তেল বিপণন সংস্থাগুলোর সার্ভিস স্টেশনগুলোতে SKO-এর স্থানান্তর, মজুত এবং বিতরণের নথিপত্র সংশ্লিষ্ট সংস্থার বিক্রয় আধিকারিক কর্তৃক সংরক্ষণ করতে হবে এবং পরিদর্শনের জন্য সংশ্লিষ্ট জেলা কর্তৃপক্ষ ও ‘পেট্রোলিয়াম ও বিস্ফোরক নিরাপত্তা সংস্থা’-এর নিকট তা উন্মুক্ত রাখতে হবে ।
  • এই বিজ্ঞপ্তিটি অবিলম্বে কার্যকর হবে এবং 60 দিনের জন্য অথবা পরবর্তী কোনও নির্দেশ না আসা পর্যন্ত—এর মধ্যে যেটি আগে ঘটবে—সে সময়কাল পর্যন্ত বলবৎ থাকবে ।

PDS SKO মুক্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল যেখানে এখন কেরোসিন বন্টন হবে :

1. দিল্লির এনসিটি, 2. চণ্ডীগড়, 3. হরিয়ানা, 4. পঞ্জাব, 5. দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ, 6. পুদুচেরি, 7. অন্ধ্রপ্রদেশ, 8. আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, 9. রাজস্থান, 10. উত্তরপ্রদেশ, 11. গোয়া, 12. গুজরাট, 13. উত্তরাখণ্ড, 14. লাক্ষাদ্বীপ, 15. জম্মু ও কাশ্মীর, 16. লাদাখ, 17. তেলেঙ্গানা, 18. হিমাচল প্রদেশ, 19. নাগাল্যান্ড, 20. মধ্যপ্রদেশ, 21. সিকিম ৷