২২-৩০ শতাংশ ইথানল মিশ্রিত পেট্রলকে এ বার আবগারি শুল্কমুক্ত করে দিল কেন্দ্র। কেন্দ্রীয় অর্থমন্ত্রক থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করে এ কথা জানানো হয়েছে। নতুন ঘোষণা অনুযায়ী ই-২২, ই-২৫, ই-২৭ এবং ই-৩০- এই চার ধরনের জ্বালানির উপর আবগারি শুল্কে সম্পূর্ণ ছাড় দেওয়া হচ্ছে। দেশে জ্বালানি উদ্বেগ কমাতে আগেই ই-২০ (২০ শতাংশ ইথানল মিশ্রিত) জ্বালানি চালু হয়েছিল। এ বার তার চেয়েও বেশি হারের ইথানল মিশ্রিত জ্বালানি ব্যবহারের উপর জোর দিতে চাইছে কেন্দ্র। সম্প্রতি ইথানলের ভাগ আরও বৃদ্ধি করে ই-৮৫ (৮৫ শতাংশ ইথানল মিশ্রিত) চালু করা হয়েছে। কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিংহ পুরী নিজে দিল্লির এক পাম্প থেকে ই-৮৫ জ্বালানি বণ্টন করে এই উদ্যোগের সূচনা করেন। এ অবস্থায় ২২-৩০ শতাংশ পর্যন্ত ইথানল মিশ্রিত পেট্রলের উপর শুল্ক-ছাড়ের ঘোষণায় জ্বালানির বিষয়ে কেন্দ্রের দৃষ্টিভঙ্গি আরও স্পষ্ট হল বলে মনে করা হচ্ছে। ইথানল মিশ্রিত পেট্রল ব্যবহারের উপর আরও জোর দিতে চাইছে কেন্দ্র, তা এই সিদ্ধান্ত থেকেই স্পষ্ট।