মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ হত্যা মামলার উত্তরপ্রদেশের বালিয়া থেকে একজনকে গ্রেফতার করল সিবিআই। ধৃতের নাম গোলু সিং ওরফে টাইগার। সূত্রের খবর, বালিয়া থেকে গ্রেফতার হওয়া এই গোলুকে ট্রানজিট রিমান্ডে কলকাতায় আনছেন তদন্তকারীরা। এর আগে সিবিআই উত্তরপ্রদেশের বলিয়ার বাসিন্দা রাজকুমার সিংকে মুজফ্ফরনগর থেকে গ্রেফতার করেছিল। রাজকুমার সিংয়ের ঘনিষ্ঠ বন্ধু মোনু একটি পুরনো গ্যাংস্টার অ্যাক্ট মামলায় বালিয়া আদালতে আত্মসমর্পণ করে। তার কিছুক্ষণের মধ্যেই সিবিআই তার বন্ধু গোলু সিংকে গ্রেফতার করে। শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ খুনে তদন্তভার নিয়েছে সিবিআই। এই ঘটনায় পুনরায় মামলা দায়ের করেছে কেন্দ্রীয় সংস্থা। সেই সঙ্গে সিবিআইয়ের ডিআইজি পঙ্কজ কুমার সিংয়ের নেতৃত্বে ৭ সদস্যের বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে। সূত্রের খবর , গ্রেফতার হওয়া বিক্কি মৌর্য এবং ময়ঙ্ক মিশ্রর বিরুদ্ধে আগেও মামলা রয়েছে। আর তাদের লুকিয়ে থাকতে সাহায্যকারী বিশাল শ্রীবাস্তবের বিরুদ্ধেও প্রায় দশটি মামলা নথিভুক্ত আছে। অন্য দিকে, গ্রেফতার হয়েছে অন্যতম প্রধান অভিযুক্ত রাজ সিং। এই গ্রেফতারির পরই তদন্তে উঠে এসেছে, বিহার এবং পূর্বাঞ্চল এলাকার পেশাদার শ্যুটারদের একটি দলের জড়িত থাকার সম্ভাবনা।