কলকাতা ময়দান এলাকায় ICCR হলে চলছে বিজেপির-র বৈঠক। যেখানে বক্তব্য রাখছেন দলের শীর্ষনেতা প্রকাশ জাভড়েকর। ঠিক তখনই হলের বাইরে বচসায় জড়িয়ে পড়লেন দলের দুই কর্মী। একজন অপরজনকে ‘তৃণমূলের দালাল’ বলে উল্লেখ করে কার্যত হাতহাতি বাঁধিয়ে দেন। জানা গিয়েছে, সব্যসাচী রায়চৌধুরী নামে এক ব্যক্তিকে ICCR চত্বরে দেখেই কার্যত চটে যান অভিজিৎ নাহা নামে BJP-র এক যুবনেতা। “তৃণমূলের দালাল! আমাদের বৈঠকে কেন এসেছিস?” এই ভাষায় চিৎকার করতে শুরু করেন অভিজিৎ নাহা। তাঁর অভিযোগ, “সব্যসাচী রায়চৌধুরী নামে এই ব্যক্তি বেলেঘাটার বাসিন্দা। তিনি নিজেকে আইপিএস অফিসার হিসেবে পরিচয় দিয়ে বিজেপি কর্মীদের থেকে টাকা তুলেছেন। চারিদিক থেকে টাকা তোলেন তিনি।” এদিকে, সাংবাদিকদের প্রশ্নের মুখে সব্যসাচী রায়চৌধুরী বলেন, “আমাকে একটি ওকালতনামায় স্বাক্ষর করার জন্য শমীক ভট্টাচার্য ডেকে পাঠিয়েছিলেন।” যদিও দু’জনই পরিচিত হলেও এই ঝামেলা সম্পর্কে কোনও মন্তব্য করতে রাজি হননি শমীক ভট্টাচার্য। তবে সব্যসাচী রায়চৌধুরীকে তিনি চেনেন বলেও স্বীকার করেছেন।

