বিধানসভা নির্বাচনের প্রচারে উত্তরবঙ্গে পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । মঙ্গলবার হেলিকপ্টার থেকে নেমেই ‘অভিমানী’ বিদায়ী বিধায়ক খগেশ্বর রায়কে ডেকে নিলেন তিনি । চারবারের বিধায়ক এবার টিকিট না-পেলেও আসন্ন ভোটে দলকে জেতাতে তাঁকে সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দেন তৃণমূল নেত্রী ৷ এদিন আদিবাসীদের সঙ্গে ধামসা-মাদলের তালে মেতে ওঠার পাশাপাশি খ্রিস্টান ধর্মাবলম্বীদের সঙ্গেও কথা বলেন মুখ্যমন্ত্রী ৷ উত্তরবঙ্গের প্রার্থীদের সমর্থনে আগামিকাল অর্থাৎ বুধবার থেকে জনসভা করবেন তিনি ৷ প্রসঙ্গত, ছাব্বিশের বিধানসভা নির্বাচনে রাজগঞ্জের বিদায়ী বিধায়ক খগেশ্বর রায়কে টিকিট দেয়নি তৃণমূল কংগ্রেস ৷ ওই কেন্দ্রে প্রার্থী করা হয়েছে সদ্য তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়া এশিয়াডে সোনাজয়ী স্বপ্না বর্মনকে ৷ এতেই বেজায় চটেছিলেন এলাকার চারবারের বিধায়ক খগেশ্বর ৷ প্রার্থী বদল করা না-হলে ‘উচিত শিক্ষা’ দেবেন বলে হুঁশিয়ারিও দিয়েছিলেন তিনি ৷ তবে ফোন করে কথা বলে তাঁকে শান্ত করেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তৃণমূল নেত্রীর সঙ্গে কথা বলার পরই খগেশ্বরের রাগ গলে জল হয়ে যায় ৷ তিনি জানিয়ে দেন, তিনি তৃণমূলেই থাকছেন এবং দল মনোনীত প্রার্থীকে জেতাতেই কাজ করবেন ৷ সেই ঘটনার পর মঙ্গলবারই তাঁর সঙ্গে সরাসরি সাক্ষাৎ হয় মুখ্যমন্ত্রীর ৷ এদিন মালবাজার মহকুমার ডুয়ার্সের টিয়াবন সংলগ্ন হেলিপ্যাডে নেমে রাজগঞ্জের বিদায়ী বিধায়ককে ডেকে নিয়ে

তাঁর সঙ্গে কথা বলেন মমতা ৷ তিনি বিধানসভা নির্বাচনে ঝাঁপিয়ে পড়ে কাজ করার বার্তা দেন খগেশ্বরকে ৷ এদিন খগেশ্বর রায় বলেন, “দিদি ডেকে বললেন দলকে জেতাতে হবে । সবাই মিলে কাজ করতে হবে ৷” মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে এদিন ধামসা-মাদল নিয়ে হাজির ছিলেন আদিবাসীরা ৷ মাদল বাজিয়ে তাঁদের সঙ্গে নাচের তালে মেতে উঠতে দেখা যায় তৃণমূল নেত্রীকে ৷ সেখানেই তাঁর সঙ্গে দেখা করেন সেন্ট লুসি ক্যাথলিক গির্জার খ্রিস্টান ধর্মাবলম্বীরা ৷ জেলার টিয়াবন সংলগ্ন প্রায় 58 বছরের পুরনো গির্জায় প্রথমবারের জন্য যান মুখ্যমন্ত্রী ৷ সেখানে তিনি যোগ দেন প্রার্থনা সভায় ৷ এদিন মুখ্যমন্ত্রী গির্জায় বক্তব্য রাখতে গিয়ে খ্রিস্টান ধর্মাবলম্বীদের উদ্দেশে বলেন, “নেগেটিভ কিছু আর ভাবলে চলবে না । এটা একতার জায়গা । আমাদের সবাইকে একসাথে চলতে হবে ।” এদিকে, গির্জার ভেতরে এক ব্যক্তি বক্তব্য রাখতে গিয়ে ‘তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ’ বলায় অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হয় ৷ আগামিকাল, বুধবার ময়নাগুড়ি বিধানসভার প্রার্থী রামমোহন রায়, ডাবগ্রাম-ফুলবাড়ি বিধানসভার প্রার্থী রঞ্জন শীল শর্মা, মাটিগাড়া নক্সালবাড়ি বিধানসভার প্রার্থী শঙ্কর মালাকারের সমর্থনে প্রচার সারবেন তৃণমূল নেত্রী । উত্তরবঙ্গে নিজেদের জমি শক্ত করতে স্থানীয়দের উদ্দেশে তিনি কী বার্তা দেন, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল ৷

