মুম্বইয়ে যোগাসনের প্রশিক্ষণ নিতে গিয়ে চুঁচুড়ার যুবতীর রহস্যমৃত্যু । নাম সঙ্গীতা চক্রবর্তী (৩২)। তিনি একজন ভালো সংগীত শিল্পী ছিলেন বলে জানা গিয়েছে । বাড়ি চুঁচুড়ার কারবালায় । ২৫ দিন আগে মুম্বইয়ের একটি যোগা আশ্রমে গিয়েছিলেন সঙ্গীতা । সূত্রের খবর, সোমবার মুম্বইয়ের একটি ড্যামের জলে স্নান করতে গিয়ে মৃত্যু হয় তাঁর । সেখানে তাঁর সঙ্গে কয়েকজন বন্ধুও ছিল । তারাই পরিবারকে সঙ্গীতার মৃত্যুর খবর দেয় । পুলিশেও খবর দেওয়া হয় । পুলিশ বন্ধুদের জিজ্ঞাসাবাদ করছে বলে জানা গিয়েছে । এদিকে মেয়ের মৃত্যুর খবর পেয়ে বাবা দিলীপ চক্রবর্তী মঙ্গলবার ভোরে মুম্বইয়ের উদ্দেশ্য রওনা দেন । কিন্তু কী করে এই ঘটনা তা এখনও পরিষ্কার নয় । সঙ্গীতার মৃত্যুর খবরে কারবালায় শোকের ছায়া নেমেছে । মুম্বইয়ে ময়নাতদন্তের পর তাঁর দেহ হুগলিতে মৃতদেহ ফিরিয়ে আনা হবে । যোগাসনের প্রশিক্ষণের জন্য মুম্বইয়ের একটি ট্রেনিং ক্যাম্পে গিয়েছিলেন সঙ্গীতা । যদিও এ ব্যাপারে পরিবারের তরফে কেউ সেভাবে মুখ খুলছে না । এই বিষয়ে চুঁচুড়া পুরসভার স্থানীয় কাউন্সিলর ইন্দ্রজিৎ দত্ত বলেন, “আমাদের পাড়ার মেয়ে সঙ্গীতা । সে খুব ভালো গান বাজনা করত । আমাদের পাড়ার বিভিন্ন অনুষ্ঠানেও অংশগ্রহণ করেছিল । শুনেছি ও মুম্বইতে একটি যোগা আশ্রমে গিয়েছিল ।মুম্বইতে তাঁর আত্মীয় রয়েছে বলে জানি । ওরাই খবর দেয় । আজ এই খবরটা শুনলাম, খুবই মর্মান্তিক ঘটনা । বাঁধের জলে পড়ে মৃত্যু হয়েছে বলে শুনেছি । কীভাবে এই ঘটনা ঘটলা তার সঠিক তদন্ত হোক সেটাই চাই । যুবতীর বাবা মুম্বই গেলেও মা এখনও জানেন না মেয়ে আর নেই । শারীরিক কোনও সমস্যা ছিল বলে যোগা আশ্রমে গিয়েছিল বলে শুনছি । একাই গিয়েছিল । তবে সঠিক কী ঘটেছিল সেটা এখনই কিছু বুঝতে পারছি না ।”

