শিক্ষক দিবসে বড়সড় আন্দোলনের পরিকল্পনা ককরোচ জনতা পার্টির ৷ এই বিষয়ে সিজেপি’র প্রতিষ্ঠাতা ও আহ্বায়ক অভিজিৎ দীপকে রবিবার জানিয়েছেন, তাঁদের সংগঠন 5 সেপ্টেম্বর নয়াদিল্লিতে একটি বিশাল আন্দোলনের পরিকল্পনা করছে । তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যন্তর মন্তরে তাঁরা যে আন্দোলন করেছিলেন, এটি তার চেয়েও বড় আকারের হবে । এখানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় দীপকে দাবি করেন, যন্তর মন্তরের আন্দোলনের পর সরকার তাদের দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করেনি । তাঁর বক্তব্য, “যন্তর মন্তরের আন্দোলনের পর সরকার কিছু প্রতিশ্রুতি দিয়েছিল, যা পূরণ করা হয়নি । তাই আমরা আবারও আন্দোলনের পথে ফিরে আসছি । আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলি প্রত্যাহার করা হয়নি এবং যাঁরা আত্মহত্যা করেছিলেন, তাঁদের পরিবারকে কোনও আর্থিক সহায়তাও দেওয়া হয়নি ।” সিজেপি-র রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে জলবায়ু কর্মী সোনম ওয়াংচুকের করা মন্তব্য ঘিরে সোশাল মিডিয়ায় যে বিতর্ক তৈরি হয়েছে, সে বিষয়েও দীপকে প্রতিক্রিয়া জানান । ওয়াংচুকের মন্তব্যে কোনও ক্ষোভ প্রকাশ না করে সিজেপি-র প্রতিষ্ঠাতা বলেন, “আমি আপনাদের সবাইকে সোনম ওয়াংচুকের পুরো সাক্ষাৎকারটি দেখার অনুরোধ করছি; তাহলেই বুঝতে পারবেন কেন আমি তাঁর সঙ্গে একমত । তাঁর মূল বক্তব্য হল, তরুণ ও উদীয়মান নেতাদের অপরাধী বা দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদদের চেয়ে ভালো হওয়া উচিত ।” মারাঠা সংরক্ষণ আন্দোলনের নেতা মনোজ জারাঙ্গে পাতিলকে সমর্থন করে দীপকে সরকারের কাছে আহ্বান জানান যেন তারা আলোচনার প্রক্রিয়ায় দেরি না করেন । এই বিষয়ে সিজেপি প্রতিষ্ঠাতা বলেন, “নাগরিকরা যখন আন্দোলনের পথ বেছে নেন, তখন বুঝতে হবে শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগের বিষয়ে সরকারের উদাসীনতার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশের এটাই তাঁদের শেষ উপায় । সরকারের পক্ষ থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করার আগে কয়েক দিন ধরে অবস্থান করতে হয়েছিল । এখন আমি সরকারের কাছে অনুরোধ করছি, মনোজ জারাঙ্গে পাতিলের ক্ষেত্রে যেন একই ভুল না করা হয় ৷ অবিলম্বে আলোচনা শুরু করতে হেব ।” তিনি আরও জানান, আন্দোলনের সময় তিনি জারাঙ্গের সঙ্গে দেখা করতে চান ।

