রাজ্যের কোভিড গ্রাফ নিয়ে চিন্তা কমেছে অনেকটাই। এর মাঝে আচমকা উত্তরবঙ্গে ‘অজানা’ জ্বরের প্রকোপ চিন্তা বাড়াচ্ছিল। জেলায় জেলায় জ্বরে আক্রান্ত বহু শিশু। কোভিড পরিস্থিতির মাঝে শিশুদের জ্বরে ছড়াল নয়া আতঙ্ক। উদ্বেগে রাজ্যবাসী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগম আশ্বস্ত করে জানিয়েছেন, পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। বৃহস্পতিবার পূর্ব নির্ধারিত সূচি অনুয়ায়ী SSKM-এ মেডিক্যাল কলেজের অধ্যক্ষদের সঙ্গে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেও এই জ্বরের বিষয়টি নিয়ে আলোচনা হয় বলে খবর। রাজ্যের ৫ মেডিক্যাল কলেজের অধ্যক্ষ সঙ্গে বৈঠক করলেন তিনি। পরিকাঠামোগত সমস্যার কথা শুনলেন। বৈঠকে শেষে বেরনোর সময়ে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, ‘জ্বরে কোনও বাচ্চা মারা যায়নি। তদন্ত করে দেখেছি, যাঁরা মারা গিয়েছে, তাঁদের অন্য রোগ ছিল’। বৈঠক শেষে বাইরে বেরিয়ে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ন স্বরূপ নিগম জানান, ‘এনকোয়ারি করে দেখা হয়েছে, কোথাও কোনও অজানা জ্বর হয়নি। মোটের উপর সব মরসুমি জ্বর। এই জ্বর নিয়ে কোনও আতঙ্কের কারণ নেই। মূলত ইনফ্লুয়েঞ্জা বি এবং আরএস ভাইরাসে আক্রান্ত বেশির ভাগ শিশু। যারা মারা গিয়েছে, তাদের অন্যান্য শারীরিক জটিল সমস্যা ছিল।’