ভোট সমীক্ষা যাই বলুক তৃণমূলই জিতছে, বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ দেখালেন ভিকট্রি সাইন ৷ মঙ্গলবার বিকেল 4টে নাগাদ মিত্র ইনস্টিটিউশনে ভোট দেন তৃণমূল সুপ্রিমো ৷ সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে চরম ক্ষোভ উগরে দেন ৷ পাশাপাশি এও জানান যে ফের তৃণমূলই ক্ষমতায় আসছে ৷ তৃণমূল নেত্রী মমতার কথায়, “এত অত্যাচার হচ্ছে, কালীঘাট, ভবানীপুর থেকে কী যে করছে, করছে না, আপনারা কল্পনা করতে পারবেন না ৷ ছেলেদের পিটিয়েছে, বাচ্চাদের বের করে দিচ্ছে ৷ রানাঘাট থেকে, কল্যাণী, আরামবাগ, খানাকুল , গোঘাট, ক্যানিং পূর্ব ও পশ্চিম সর্বত্র, আমাদের তৃণমূল কর্মীদের গ্রেফতার করা হচ্ছে ৷ এটা কি অবাধ ও স্বচ্ছ ভোট হচ্ছে ?” তিনি আরও বলেন, “1984 সাল থেকে ভোটে লড়ছি ৷ এই পরিস্থিতি কখনও দেখিনি ৷ বাহিনীর লাগামছাড়া অত্যাচার, এজেন্ট জোর করে বের করে দিচ্ছে ৷ কেন্দ্রীয় বাহিনী একটা দলের হয়ে কাজ করছে বলে অভিযোগ ৷ মহিলা ও বাচ্চাদের নির্বিচারে মারের অভিযোগ ৷”


