আদিবাসীদের ভাতা বৃদ্ধি নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আদিবাসী পড়ুয়া-সহ জয় জোহার প্রকল্পের আওতায় বয়স্ক আদিবাসীদের জন্য ভাতা বাড়ানোর কথা ঘোষণা করেন তিনি। আদিবাসী পড়ুয়ারা হস্টেলে থাকা খাওয়ার জন্য ভাতা বাড়ানো হয়েছে। অন্যদিকে, জয় জোহার প্রকল্পে মাসে ৫০০ টাকা ভাতা বৃদ্ধি করেছে রাজ্য সরকার। আজ, মঙ্গলবার বাঁকুড়ায় হুল দিবসের অনুষ্ঠানে ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করেন শুভেন্দু। আগে আদিবাসী পড়ুয়ারা হস্টেলে থাকা-খাওয়ার জন্য ১৮০০ টাকা ভাতা পেতেন। সেই ভাতা বেড়ে এবার ৩ হাজার ৩০০ টাকা করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। অন্যদিকে জয় জোহার প্রকল্পে বয়স্ক আদিবাসীদের ভাতা বৃদ্ধি করা হয়েছে। এই প্রকল্পের আওতায় সুবিধাভোগীরা এক হাজার টাকা করে পেতেন। সেই ভাতা ৫০০ টাকা করে বাড়ানোর কথা জানান মুখ্যমন্ত্রী। এবার থেকে ১৫০০ টাকা করে ভাতা পাবেন সুবিধাভোগীরা।