দেবীপক্ষের সূচনায় প্রতি বছরের মতো এবারও উত্‍সবের সূচনায় নেমে পড়ছেন মুখ্যমন্ত্রী। এদিন শহরের ৬টি নামি পুজোর উদ্বোধন করবেন তিনি। তবে প্রতিটি পুজোই দক্ষিণ কলকাতার। বুধবার বিকেলে নজরুল মঞ্চে তৃণমূলের মুখপত্র জাগো বাংলার উত্‍সব সংখ্য়া প্রকাশ করেন তিনি। এরপরই তিনি দক্ষিণ কলকাতায় বেরিয়ে পড়বেন একের পর এক পুজো উদ্বোধনে। সূত্রের খবর, প্রতি বছরের মতো এবারও মন্ত্রী ফিরহাদ হাকিমের পুজো চেতলা অগ্রণীতে দেবী মূর্তির “চক্ষুদান” করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও নাকতলা উদয়ন সংঘ, সেলিমপুর পল্লি, বাবুবাগান, যোধপুর পার্ক ৯৫ পল্লি, যোধপুর পার্ক, এবং সবশেষে

চেতলা অগ্রণীর পুজো মণ্ডপে যাবেন তিনি। চেতলা অগ্রণীর প্রতিমার চক্ষুদানের মধ্যে দিয়েই পুজোর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। বুধবার নজরুল মঞ্চ থেকে তিনি রাজ্যের মানুষদের উদ্দেশ্যে বার্তা দেন, পুজোয় ঠাকুর দেখুন তবে দূরত্ববিধি মেনে এবং মুখে মাস্ক পড়ে। তবে এখানেই শেষ নয়, বৃহস্পতিবার থেকে একে একে বেশ কয়েকটি পুজোর উদ্বোধনেও যাবেন মুখ্যমন্ত্রী। নিউ আলিপুর সুরুচি সংঘ, একডালিয়া এভারগ্রীন, শিমলা ব্যায়াম সমিতি, কলেজ স্কোয়ার থেকে শুরু করে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব, উল্টোডাঙ্গার তেলেঙ্গাবাগান সহ বিভিন্ন পুজো উদ্বোধনের লম্বা তালিকা তৈরি রয়েছে। যেগুলির উদ্বোধন বৃহস্পতিবার থেকেই শুরু করে দেবেন বলে জানা গিয়েছে। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় এও বলেন, কোভিডের সময় সবাইকে অনুরোধ করব মাস্ক পরবেন। এবং প্যাণ্ডেলে আসবেন। এছাড়াও তিনি পুজো কমিটিকেও মাস্কের ব্যবস্থা রাখার নির্দেশ দিয়েছেন।