তৃণমূল নেতাদের নানা অভিযোগে গ্রেফতারির পর কোমরে দড়ি বেঁধে এলাকায় ঘোরানোর ঘটনা সামনে এসেছে সাম্প্রতিক সময়ে ৷ সেই ঘটনায় কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল ৷ যার শুনানিতে এবার রাজ্য সরকারের রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট ৷ বিচারপতি জয় সেনগুপ্ত এবং বিচারপতি স্মিতা দাস দে-র গ্রীষ্মাবকাশকালীন ডিভিশন বেঞ্চ নির্দেশে জানিয়েছে, রাজ্যকে রিপোর্ট দিতে হবে কেন, কী কারণে এবং কোন পরিস্থিতির জন্য গ্রেফতার করে কোমরে দড়ি বেঁধে রাস্তায় ঘোরানো হচ্ছে ৷ রাজ্যকে তিন সপ্তাহের মধ্যে এ নিয়ে রিপোর্ট দিতে হবে ৷ আর রিপোর্ট পেশের এক সপ্তাহের মধ্যে তার জবাবি হলফনামা দেবেন মামলাকারীরা ৷ চার সপ্তাহ পরে ফের এই মামলার শুনানি হবে বলে জানিয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ ৷ এদিন শুনানিতে মামলাকারীর পক্ষে আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় বলেন, “সাম্প্রতিক সময়ে কিছুদিন ধরেই দেখা যাচ্ছে বিভিন্ন ক্ষেত্রে অভিযুক্তদের কোমরে দড়ি বেঁধে জনসমক্ষে ঘোরাতে ঘোরাতে আনা হচ্ছে ৷ আদালতের নির্দেশ রয়েছে, অভিযুক্তকে শেকল বা অন্য কোনও কিছু দিয়ে বেঁধে আনা যায় না ৷” আইনজীবী শামিম আহমেদ পরবর্তী সময়ে বলেন, “আমরা মানবাধিকার কমিশনকে চিঠি দিয়েছি যাতে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হয় ৷ বিচারপতি জয় সেনগুপ্তর বেঞ্চ রাজ্যের কাছে রিপোর্ট তলব করেছেন ৷ পাশাপাশি, মানবাধিকার কমিশনের পক্ষ থেকেও জানানো হয়েছে ইতিমধ্যে তারা একটা অভিযোগ দায়ের করেছে ৷ তদন্ত করা হচ্ছে ৷” মামলাকারীদের বক্তব্য, পুলিশ সাংবিধানিক অধিকার লঙ্ঘন করছে ৷ রাজ্যে পালাবদলের পর একাধিক জায়গায় দেখা গেছে, বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের তোলাবাজি-সহ অন্যান্য অভিযোগে গ্রেফতারের পর কোমরে দড়ি বেঁধে এলাকায় ঘোরাতে ঘোরাতে নিয়ে আসছে পুলিশ ৷ যা মানবাধিক লঙ্ঘন বলে অভিযোগ করা হচ্ছে ৷