banganews.net

রাতারাতি বদলে গেল রাস্তার নাম ৷ নেতাজি সুভাষ চন্দ্র বসুর নামাঙ্কিত রাস্তা হয়ে গেল শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে ৷ বসল গেরুয়া ফলক ৷ এমন ঘটনায় নাম জড়িয়েছে বীরভূম রামপুরহাটের বিজেপি বিধায়ক ধ্রুব সাহার। প্রশ্ন উঠছে, একজন বিধায়কের কি কোনও রাস্তার নাম বদলে দেওয়ার অধিকার আছে! নেতাজি রোড হিসেবে পরিচিত রাস্তায় এখন দেখা যাচ্ছে শ্যামাপ্রসাদের নামাঙ্কিত গেরুয়া বোর্ড । অনুষ্ঠানের ছবিতে বিজেপি বিধায়ক ধ্রুব সাহার পাশেই দেখা যাচ্ছে রামপুরহাট পুরসভার তৃণমূলের চেয়ারম্যান সৌমেন ভকতকে ৷ যদিও, চেয়ারম্যান জানাচ্ছেন, রাস্তার নাম বদলের কোনও অনুমতি পুরসভা দেয়নি ৷ বিজেপির তরফে আবেদন করা হয়েছে। নেতাজির নামে থাকা রাস্তার নাম বদল নিয়ে সরব সিপিএম ৷ নিন্দায় সরব কংগ্রেসও । রামপুরহাট পুরসভার পাঁচমাথা মোড় থেকে ঝনঝনিয়া পুল পর্যন্ত প্রায় তিন কিলোমিটার রাস্তা বহু কাল থেকে নেতাজি সুভাষচন্দ্র বোস রোড নামে পরিচিত । হঠাৎ সেই রাস্তা হয়ে গিয়েছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে । বসেছে গেরুয়া বোর্ডও ৷ সেখানে লেখা আছে ‘ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জি রোড’ ৷ এরপরই শুরু হয় বিতর্ক ৷ যদিও, পুরসভার চেয়ারম্যান জানান, বিজেপির তরফে রাস্তার নাম বদলের একটি আবেদন পুরসভায় জমা পরলেও বোর্ড তাতে অনুমোদন দেয়নি ৷ তার আগেই বিধায়ক রাস্তার নাম বদলে দিয়ে বোর্ড বসিয়ে দিয়েছেন । তবে এখনও পর্যন্ত ওই রাস্তার ধারে বহু দোকানে এবং সরকারি সমবায় সংস্থার বোর্ডে লেখা ‘নেতাজি সুভাষ রোড’ ।