বাগবাজারে অগ্নিকাণ্ডে গৃহহীনদের পাশে কলকাতা পুরসভা। রাতে এলাকার ৪ কমিউনিটি হল ও বাগবাজার মহিলা কলেজে তাঁদের থাকা ও খাওয়ার ব্যবস্থা করা হচ্ছে। ঘটনাস্থল পরিদর্শনের পর জানালেন পুরসভার প্রশাসক ফিরহাদ হাকিম । আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার সকাল থেকেই পুরসভার তরফে বস্তিবাসীদের ঘর তৈরির কাজ শুরু হবে। বাগবাজার মহিলা কলেজ লাগোয়া হাজারহাত বস্তিতে আগুন লাগে সন্ধেবেলা। দমকলের ২৮টি ইঞ্জিন প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু তখন বস্তিটির আর কিছুই অবশিষ্ট ছিল না। এমনকী, আগুনে লেলিহার শিখার গ্রাসে চলে গিয়েছে সারদা মায়ের বাড়ি লাগোয়া অফিসটিও। বাগবাজারের বস্তিতে যখন আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছেন দমকলকর্মীরা, তখন গঙ্গাসাগরে ছিলেন কলকাতা পুরসভার প্রশাসক তথা পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম । মুখ্যমন্ত্রীর নির্দেশে তড়িঘড়ি ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেন তিনি। বেশি রাতে বাগবাজারে পৌঁছন তিনি। ফিরহাদ হাকিম জানিয়েছেন, ‘অগ্নিকাণ্ডে যাঁরা গৃহহীন হয়েছেন, রাতারাতি তাঁদের সকলের জন্য বাড়ি তৈরি করে দেওয়ার সম্ভব নয়। তবে আগামীকাল থেকে কাজ শুরু করে দেবে পুরসভা। যতদিন না বাড়ি তৈরি হচ্ছে, ততদিন এলাকার ৪টি কমিউনিটি হল ও বাগবাজার মহিলা কলেজে বস্তিবাসীদের থাকার ও খাওয়ার ব্যবস্থা করা হবে।’