মহালয়ার দিন রাজ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা । বঙ্গোপসাগরের উপর তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত ৷ তার প্রভাবেই পশ্চিমবঙ্গে প্রচুর পরিমাণে জলীয় বাতাস প্রবেশ করছে । এর ফলে উপকূলের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । কলকাতাতেও দু-এক পশলা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । তবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অফিস । বুধবার দক্ষিণবঙ্গের আকাশ মেঘলা থাকবে । দু-এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । উপকূলের দুই জেলা দক্ষিণ ও উত্তর ২৪ পরগনা এবং নদিয়া ও মুর্শিদাবাদে খানিক বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । সেই সঙ্গে উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার ও কালিম্পংয়ে বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস । আগামী ২৪ ঘণ্টায় কলকাতা আকাশ আংশিক মেঘলা থাকবে । বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শহরে ।