আগামী শনিবার খুলছে দক্ষিণেশ্বর মন্দির। সকাল ৭টা থেকে ১০ টা পর্যন্ত খোলা থাকবে মন্দির। তবে ৬ থেকে ৮ ফুট দূরত্ব বজায় রেখে পুজো দিতে হবে ভক্তদের। একসঙ্গে ১০ জনের বেশি মন্দিরে ঢোকা যাবে না। দক্ষিণেশ্বর মন্দির কর্তৃপক্ষ জানিয়েছেন, মন্দিরের গর্ভগৃহে আর ঢোকা যাবে না ৷ মন্দিরে ঢোকার আগে বাধ্যতামূলক থার্মাল স্ক্যানিং ৷ মন্দির চত্বরে একসঙ্গে বেশি লোক থাকতে পারবেন না ৷ এবার থেকে প্রসাদ আনা গেলেও কোন ফুল দিয়ে আর পুজো দেওয়া যাবে ৷ পুজোর লাইনে ৬ ফুট দূরত্ব রাখতে হবে ৷ মন্দিরের ভিতরে ঢুকে ও সামাজিক দূরত্ব বিধি মেনে তবেই মা কালীকে পুজো দেওয়া যাবে। সামাজিক দূরত্ব বিধি মানার জন্য মন্দিরের ভেতরে নির্দিষ্ট দূরত্ব অন্তর অন্তর মার্ক করে দেওয়া হয়েছে। পায়ের ছাপ দেওয়া মার্কগুলিতেই দর্শনার্থীরা লাইনে দাঁড়িয়ে তবেই পুজো দিতে পারবেন। দক্ষিণেশ্বর মন্দিরের অছি পরিষদের সম্পাদক কুশল চৌধুরী জানিয়েছেন ” এবার থেকে প্রত্যেক দিন সকাল ৭ টা থেকে ১০ টা এবং বিকেল বেলায় ৩:৩০ থেকে সন্ধ্যা ৬ টা ৩০ মিনিট পর্যন্ত মন্দির খোলা থাকবে। মন্দির খোলার ২০ মিনিট আগেই যেমন মন্দিরের সিংহদুয়ার খোলা হবে তেমনি মন্দির বন্ধ হওয়ার ২০ মিনিটের মধ্যেই সিংহদুয়ার বন্ধ করে দেওয়া হবে। তবে করোনা ভাইরাস সংক্রমণের আশঙ্কা মন্দির চত্বরে অবস্থিত বিভিন্ন মন্দির ও শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এর ঘরের ভেতরে প্রবেশ বা অবস্থান করা নিষিদ্ধ করা হয়েছে।”