দিল্লির মুস্তাফাবাদে ভবন ধসে পড়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১। দিল্লি পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে ভবনের মালিক ৬০ বছর বয়সি তাহসিনও রয়েছেন। মর্মান্তিক এই দুর্ঘটনায় মৃত ১১ জনের মধ্যে আটজন একই পরিবারের সদস্য। নিহতদের মধ্যে তিনজন মহিলা এবং চারজন শিশু। আহত আরও ১১। তাদের মধ্যে ছয়জনকে প্রাথমিক চিকিৎসার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। আরও পাঁচজন এখনও চিকিৎসাধীন। সকালে ধবংসস্তূপ থেকে ১৪ জনকে উদ্ধার করা হয়, তার মধ্যেই চারজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। ধ্বংসস্তূপের নিচে এখনও কেউ আটকে আছেন কিনা তা খতিয়ে দেখতে এখনও উদ্ধার কাজ জারি আছে।

