আগামী ১০ অগাস্টের মধ্যে সব জেলা কমিটি তৈরির নির্দেশ দিলেন যুব তৃণমূলের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার সব জেলার নেতৃত্বের সঙ্গে এক ভার্চুয়াল বৈঠক করেন অভিষেক। সেখানেই তিনি এই নির্দেশ দেন। পাশাপাশি, এবার থেকে জেলা কমিটিতে কার্যকরী সভাপতির পদ তুলে দেওয়া হল। ফলে সভাপতি, সহসভাপতি, সচিব এই পদগুলিই থাকবে বলেও জানান অভিষেক। এদিন জেলা নেতৃত্বকে তিনি স্পষ্টই বার্তা দেন কোনওভাবেই জেলা কমিটিগুলিতে যুবদের বাইরে রাখা যাবে না। যুব সমাজকে এই কমিটিতে আনতে হবে। পাশাপাশি, যুব কমিটিতে ৪০ উর্ধ্বদের বাতিল করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।