নয়াদিল্লিঃ বর্ডার রোড অর্গানাইজেশন (বিআরও)-র আধিকারিকদের সঙ্গে বৈঠক করলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। বৈঠকে হাজির ছিলেন বিআরও-র ডিজি লেফটেন্যান্ট জেনারেল হরপাল সিং। সীমান্ত এলাকায় পরিকাঠামো উন্নয়ন নিয়েই এদিন বৈঠকে আলোচনা হয়েছে বলে খবর। মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, চিনের সঙ্গে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা ও পাকিস্তানের সঙ্গে নিয়ন্ত্রণ রেখার কাছে পরিকাঠামোগত উন্নয়ন নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিআরও-র ডিজি ও অন্যান্য পদস্থ আধিকারিকদের নিয়ে সাউথ ব্লকের অফিসে বৈঠক করেন প্রতিরক্ষামন্ত্রী। রাজনাথ সিং এদিন চলতি প্রকল্পগুলির সম্পর্কে খোঁজ খবর নেওয়ার পাশাপাশি কাজের অগ্রগতি নিয়ে পর্যালোচনা করেছন। সেনা বাহিনীর যাতায়াতে যাতে কোনও রকম প্রভাব না পড়ে তা নিশ্চিত করেই কাজ করতে হবে বলে বৈঠকে রাজনাথ সিং জানিয়েছেন। একই সঙ্গে তিনি সীমান্ত পরিকাঠামোর কাজ দ্রুত গতিতে করার ব্যাপারে জোর দিয়েছেন। তাঁর নির্দেশ সেনা বাহিনীর সমস্যা না করে কীভাবে দ্রুত গতিতে কাজ করা যায় সেটা দেখতে হবে।

