বাংলাজুড়ে ‘ধূমকেতু’ ঝড়ের মাঝেই স্বাধীনতা দিবসের সকালে দেশপ্রেম উসকে রক্তমাখা খড়্গ হাতে ‘রঘু ডাকাত’ দেবের হুঙ্কার। বহু প্রতীক্ষিত পুজো রিলিজের ব্লকবাস্টার ঝলক দেখালেন অভিনেতা। নতুন বছরের শুরুতেই ‘রঘু ডাকাত’ লুকে কৌতূহলের পারদ চড়িয়েছিলেন টলিউড সুপারস্টার। সিঁদুরে কপাল, চাদরে ঢাকা মুখ! তবে পয়লা টিজারে ‘রঘু ডাকাত’ দেব আরও ভয়ানক অবতারে ধরা দিলেন। মাতৃভূমি রক্ষার্থে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে কীভাবে গর্জে উঠেছিলেন দুস্থদের রবিনহুড রঘু? সেই ঝলকই ঝরা পড়ল টিজারের টুকরো কোলাজে। কখনও চাঁদের শরীরে ঘোড়সওয়ার রঘুর কায়া, আবার কখনও বা অত্যাচারী ব্রিটিশের আস্তানায় রঘুর লঙ্কাকান্ড, টিজারেই পুজোর বক্স অফিস দখলের হুঁশিয়ারি নির্মাতাদের। টিজারের সুবাদেই সিনেমার বাকি চরিত্রদের সঙ্গেও পরিচয় করালেন পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়। দুর্লভ রায়ের চরিত্রে ওম, ডাকাত মায়ের ভূমিকায় রূপা গঙ্গোপাধ্যায়, ডাকাত দলের নেত্রী গুঞ্জার ভূমিকায় সোহিনী সরকার, রঘূর নায়িকা সৌদামিনীর চরিত্রে খাদান কিশোরী ইধিকা পাল। আর খলচরিত্রে অহিন্দ্র বর্মনের ভূমিকায় অনির্বাণ ভট্টাচার্য। টিজারেই স্পষ্ট, এমন লুকে অনির্বাণকে এর আগে কখনও আবিষ্কার করেননি দর্শকরা। ডাকাত সর্দার রঘুকে দেখে রিলিজের জন্য ইতিমধ্যেই দিন গোনা শুরু করেছেন দর্শক-অনুরাগীরা।