আজ একই দিনে রাজ্যে মোদি-শাহ জুটি। ‘অধিকারী গড়’ এগরায় ইতিমধ্যেই সভা সেরে ফেলেছেন অমিত। জল্পনা সত্যি করে পদ্মে যোগ দিয়েছেন শিশির অধিকারীও। এখন নজর বাঁকুড়ার তিলাবেদিয়ায় নরেন্দ্র মোদির সভায়। আগামী ২৪ মার্চও ফের রাজ্যে আসছেন নরেন্দ্র মোদি। ওই দিন কাঁথি থেকে জনসভা করবেন তিনি। চলতি সপ্তাহে ইতিমধ্যেই রাজ্যে দু’টি সভা করেছেন মোদি। বুধবার পুরুলিয়ায় তাঁর সভা ছিল, আবার শনিবার খড়গপুরে এসেও সভা করে গেছেন। আজ রাঢ়ভূমে। মোদি, শাহের পাশাপাশি নন্দীগ্রামের বৃন্দাবনচক এবং জামবাড়িতে শুভেন্দু অধিকারীর পথসভা রয়েছে। তবে শুধু বিজেপিই নয়, প্রচারে ঝড় তুলতে আজ পূর্ব মেদিনীপুরেরই মোট তিনটি সভা রয়েছে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। আজ বাকুঁড়ার জনসভা থেকে নরেন্দ্র মোদি বলেন, রাঙামাটিকে আমি প্রণাম করি। গত ১০ বছর ধরে খেললেন, এখনও মন ভরেনি আপনার? এখনও বলছেন, খেলা হবে! এবার খেলা শেষ হবে। বিকাশ হবে। কেন্দ্র কোটি কোটি টাকা দিয়েছে রাজ্যকে। বাঁকুড়ায় জল নেই কেন? চাষের জন্য জমিতে জল পাওয়া যায় না কেন? আপনি যা খুশি করবেন, আর আপনাকে কেউ প্রশ্ন করতে পারবে না? মোদি এদিন মমতাকে কটাক্ষ করে বলেন, দিদি আপনি আমায় লাথি মারতে পারেন। কিন্তু বাংলাকে লাথি মারতে দেব না। তৃণমূল কর্মীরা ছবি আঁকছেন আমার মাথায় লাঠি মারছেন দিদি। এটাই কি বাংলার সংস্কৃতি? দিদি চাইলে আপনার পা আমার মাথায় রাখতেই পারেন। বাংলার সংস্কৃতির সঙ্গে কেন খেলছেন দিদি? দিদি যদি ১০ বছর আগে এই মুখ দেখিয়ে দিতেন, তাহলে বাংলার মানুষ আপনার উপর ভরসাই করত না। আসল পরিবর্তন হলে মানুষের সম্মান ফিরবে । মোদি এও বলেন, দুর্নীতির খেলা চলবে না, চলবে না। কাটমানির খেলা চলবে না। সরকারি প্রকল্পের টাকা যাতে গরিবের হাতে যায়, তার জন্য আসল পরিবর্তন। তোলাবাজদের জেলে পাঠাতে আসল পরিবর্তন। বিজেপিই নিয়ে আসবে আসল পরিবর্তন। আসল পরিবর্তন বাংলার বিকাশ, গৌরবের জন্য। গরিবদের দুর্দশা দূর করতে আসল পরিবর্তন আসছে। বাংলার মানুষ ঠিক করে নিয়েছেন, ২ মে দিদি যাচ্ছেন। আসল পরিবর্তন আসছে। বাঁকুড়ার লোকেদের আমার প্রণাম, কারণ আপনারা চুপচাপ বিজেপিকে ভোট দিয়েছিলেন। লোকসভার সময়ে যখন আপনাদের আশীর্বাদ নিতে এসেছিলাম, কী করেছিলেন দিদি! রাস্তা আটকে দিয়েছিলেন। অনেক সমস্যার মধ্যে ওই সভা করেছিলাম।

