যথাযথ আচার-অনুষ্ঠানের মধ্যে দিয়ে খুলল কেদারনাথ মন্দিরের দরজা ৷ আজ শুভ মুহূর্তে ভক্তদের উদ্দেশ্যে খোলার আগে হিমালয়ের কোলে অবস্থিত বিশ্ববিখ্যাত কেদারনাথ মন্দির 51 কুইন্টাল গাঁদা ফুলে সাজানো হয় ৷ কেদারনাথ যাত্রা, বিশ্বাসের এক স্বর্গীয় উদযাপন; লিখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ মন্দির খোলার দিন সকালে বাবা কেদারের কাছে আশীর্বাদ চেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক্স পোস্টে লেখেন, “আজ, দেবভূমি উত্তরাখণ্ডের পবিত্র ভূমিতে, পূর্ণ আচার-অনুষ্ঠানের সঙ্গে আমাদের সকল ভক্তদের জন্য শ্রী কেদারনাথ ধামের দ্বার উন্মুক্ত হয়েছে । কেদারনাথ ধাম এবং চারধামের এই যাত্রা আমাদের বিশ্বাস, ঐক্য এবং সমৃদ্ধ ঐতিহ্যের এক দিব্য উদযাপন । এই যাত্রার মাধ্যমে আমরা ভারতের চিরন্তন সংস্কৃতিরও ঝলক পাই । এই বছর চারধাম যাত্রা শুরুর উপলক্ষে, আমি উত্তরাখণ্ডে আগত সকল ভক্তদের উদ্দেশে একটি চিঠির মাধ্যমে আমার অনুভূতি প্রকাশ করেছি । আমার প্রার্থনা এই যে, বাবা কেদার সকলের উপর তাঁর আশীর্বাদ বর্ষণ করতে থাকুন এবং আপনাদের যাত্রাকে মঙ্গলময় করে তুলুন । হর-হর মহাদেব !” এদিন কেদারনাথ মন্দিরের কপাট খোলার সময় উপস্থিত ছিলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি ৷ তিনিই প্রথম পুজো সম্পন্ন করে বলেন, “আমরা সারি ব্যবস্থাকে এমনভাবে সুবিন্যস্ত করেছি যাতে লাইনের শেষ ব্যক্তিও নির্বিঘ্নে দর্শন লাভ করতে পারেন ৷ ভক্তদের প্রথম দিকের দলগুলো পাঁচ মিনিটের মধ্যেই তাদের প্রার্থনা সম্পন্ন করেছে ।” তীর্থস্থান এলাকাকে প্লাস্টিকমুক্ত রেখে একটি সবুজ যাত্রা-কে সমর্থন করার জন্যও তীর্থযাত্রীদের অনুরোধ করেন মুখ্যমন্ত্রী । দেশ-বিদেশ থেকে আসা ভক্তরা এই উদ্বোধন নিয়ে অত্যন্ত উৎসাহী ছিলেন । আজ অবশেষে সেই দিন উপস্থিত ৷ ‘বাবা কেদার’ ধ্বনিতে পুরো মন্দির মুখরিত হয়ে ওঠে । ভক্তিভাবে ভরে ওঠে চতুর্দিক ৷  উত্তরাখণ্ডে চারধাম যাত্রা শুরু হয়েছে 19 এপ্রিল । সেদিন গঙ্গোত্রী ও যমুনোত্রী মন্দিরের দরজা খোলা হয়েছিল । কেদারনাথের দরজা খোলার ঠিক পরেই আজ কেদারনাথ যাত্রাও শুরু হল । আগামিকাল, বৃহস্পতিবার, বদ্রীনাথ মন্দিরের দরজা খুলবে, যার মাধ্যমে চারধাম যাত্রার পূর্ণাঙ্গ সূচনা হবে ।