ক্ষেপণাস্ত্র ছুড়বে ড্রোন ! এরকমই একটি পরীক্ষা করল দেশের ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও) ৷ অন্ধ্রপ্রদেশে এই পরীক্ষা সফল হয়েছে বলে জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক ৷ অপারেশন সিঁদুরের সময় ভারত-পাকিস্তান আন্তর্জাতিক সীমান্তের কাছাকাছি এলাকাগুলিতে ঝাঁকে ঝাঁকে ড্রোন পাঠিয়ে হামলার চেষ্টা করেছে পাকিস্তান ৷ শুক্রবার প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, ড্রোন থেকে ক্ষেপণাস্ত্র ছোড়ার এই পরীক্ষা হয়েছে অন্ধ্রপ্রদেশের কুর্নুলে ৷ সোশাল মিডিয়ায় তিনি লিখেছেন, “ডিআরডিও সফলভাবে ইউএভি-র প্রিসিশন গাইডেড মিসাইল (ইউএলপিজিএম)-ভি3 পরীক্ষা করেছে ৷ এই পরীক্ষা হয়েছে অন্ধ্রপ্রদেশের কুর্নুলের ন্যাশনাল ওপেন এরিয়া রেঞ্জ (এনওএআর)-এ ৷” প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, এর আগে ডিআরডিও ইউএলপিজিএম-ভি2 তৈরি করেছিল ৷ এই ক্ষেপণাস্ত্র তারই উন্নত সংস্করণ ৷ ইউএলপিজিএম-ভি3 বিভিন্ন ধরনের নিশানায় হামলা চালাতে সক্ষম ৷ স্থলভাগ এবং অনেক উঁচু এলাকায় ড্রোন থেকে এই মিসাইল ছোড়া সম্ভব ৷ দিনের আলো ও রাতের অন্ধকারে, যে কোনও সময় টার্গেটের উপর হামলা করবে এই ক্ষেপণাস্ত্র ৷ আধুনিক যুগের অস্ত্রশস্ত্রের মোকাবিলা করতে প্রস্তুত ইউএলপিজিএম-ভি3 ৷ এই পরীক্ষায় মানব-বিহীন একটি এরিয়াল ভেহিকল থেকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল ৷ এই ক্ষেপণাস্ত্রটিও বেঙ্গালুরুর ভারতীয় স্টার্ট-আপ নিউস্পেস রিসার্চ টেকনোলজিস-এর তৈরি ৷ অন্যান্য ভারতীয় কোম্পানিগুলির নির্মিত উচ্চসহনশীল ইউএভি নিয়ে কাজ করতে চায় ডিআরডিও ৷ এই বিশেষ ইউএভি-তে দূরপাল্লার ইউএলপিজিএম অস্ত্র স্থাপন করে পরীক্ষা করতে চায় গবেষণা সংস্থা ৷ মন্ত্রক জানিয়েছে, আদানি ডিফেন্স, ভারত ডায়নামিক্স লিমিটেড এবং 30টি ক্ষুদ্র-মাঝারি শিল্প সংস্থা ও স্টার্ট-আপ এই প্রজেক্টে অংশ নিয়েছে ৷ এদিকে অপারেশ সিঁদুর-পরবর্তী সময়ে ভারত-পাকিস্তান সীমান্তে ড্রোন স্কোয়াড্রন তৈরির দিকে নজর দিয়েছে বিএসএফ ৷ সূত্রের খবর, 2 হাজার কিলোমিটার দীর্ঘ ভারত-পাকিস্তান সীমান্তের কয়েকটি বিশেষ পোস্টে এই স্কোয়াড্রন মোতায়েন করা হবে ৷ পাকিস্তান সীমান্তের নিকটবর্তী স্থানে অবস্থিত উত্তরে জম্মু থেকে পশ্চিমের পঞ্জাব, রাজস্থান এবং গুজরাত পর্যন্ত একাধিক জায়গায় এই ড্রোন স্কোয়াড্রন হবে ৷ ছোট ও বড় নজরদারি ড্রোনের পাশাপাশি স্কোয়াড্রনে থাকবে আক্রমণকারী ড্রোনও ৷