চিটফান্ড সংক্রান্ত মামলার তদন্তে ফের কলকাতায় সক্রিয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার সকাল থেকে শহরের একাধিক জায়গায় একযোগে তল্লাশি অভিযান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। সূত্রের খবর, এক চিটফান্ড জালিয়াতির তদন্তেই কলকাতার মোট ছ’টি জায়গায় তল্লাশি চালানো হচ্ছে। একইসঙ্গে এই মামলায় ইন্দোরেও বেশ কিছু জায়গায় চলছে তল্লাশি। ইডি সূত্রে খবর, কলকাতা-ইন্দোর মিলিয়ে ১৭ জায়গায় চলছে অভিযান। বুধবার সকাল ৬টা থেকেই শহরে সক্রিয় ইডি। কলকাতার নারকেলডাঙ্গা, নেতাজিনগর, রবীন্দ্র সরোবর থানা এলাকার ৬টি ঠিকানায় পৌঁছেছেন ED-র আধিকারিকরা। তাঁদের সঙ্গে রয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও। তদন্তকারীদের সন্দেহ, চিটফান্ডের মাধ্যমে সংগ্রহ করা টাকা ঘুরপথে নির্মাণ ব্যবসায় খাটিয়ে সাদা করা হয়েছে। চিটফান্ড সংস্থার লিঙ্কম্যানদের খোঁজেই বুধবারের অভিযান বলে জানা গিয়েছে। এ দিন ভোরে প্রথমে নারকেলডাঙা ও নেতাজি নগরের এক ব্যবসায়ীর বাড়িতে পৌঁছন ইডি আধিকারিকরা। তারপরে অন্য লোকশনেও পৌঁছে যান এনফোর্সমেন্ট ডিরেক্টরেট-এর টিম। তদন্তকারীরা সংশ্লিষ্ট সংস্থার আর্থিক লেনদেন, নথিপত্র এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য খতিয়ে দেখছেন। অভিযানের মাধ্যমে চিটফান্ডের টাকা কোথায় গিয়েছে এবং সেই অর্থের কোনও বেআইনি লেনদেন হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে। অন্য একটি সূত্রের খবর, একটি চিটফান্ড সংস্থা নির্মাণ ব্যবসায় টাকা লগ্নি করে মোটা টাকা ফেরতের প্রতিশ্রুতি দেওয়া হতো। যাঁরা টাকা বিনিয়োগ করে সুদ-সহ টাকা ফেরত পাননি, তাঁরাই একাধিক থানায় প্রতারণার অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতেই মামলা দায়ের হয়।