banganews.net

সিজেপির দাবির কাছে মাথা নত করে ইস্তফা দিয়েছেন কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ৷ এরপর শনিবার বিকেলে কনস্টিটিউশন ক্লাবে কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা ও জিতেন্দ্র সিংয়ের সঙ্গে বৈঠক করেন সিজেপি’র দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা ৷ সরকার তাঁদের তিনটি দাবিই মেনে নিয়েছে বলে জানায় দুই পক্ষই ৷ এদিকে এরপরই উৎসবের আবহ নেমে এসেছে যন্তর মন্তরে ৷ দুই কেন্দ্রীয় মন্ত্রীর উপস্থিতিতে সাংবাদিক বৈঠক থেকে আন্দোলন প্রত্যাহারের কথা ঘোষণা করেন আশুতোষ ৷ নিট প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে একটানা 36 দিন ধরে লাগাতার বিক্ষোভ করছিল ককরোচ জনতা পার্টি ৷ হাজার হাজার পড়ুয়া এসে যোগ দিয়েছিল যন্তর মন্তর ৷ দেশের রাজনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিল দিল্লির এই বিখ্যাত দর্শনীয় স্থল ৷ এদিন সৌরভ জানান, দুই পক্ষ আবার চার সপ্তাহ পরে বৈঠক করবে ৷ শুধু শিক্ষামন্ত্রীর ইস্তফাতেই এই লড়াই থামেনি ৷ দেশের শিক্ষাক্ষেত্রে চাই আরও বড় সংস্কার ৷ তাই পাঁচ পয়েন্টের একটি চার্টার কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডার হাতে তুলে দিয়েছেন সিজেপি’র সৌরভ ও আশুতোষ ৷ এই সংস্কারেও রাজি হয়েছে মোদি সরকার ৷ এছাড়া নিট প্রশ্নপত্র ফাঁসের কারণে যে সব পড়ুয়া নিজেদের জীবন শেষ করেছেন, তাঁদের পরিবারকে এক কোটি টাকা আর্থিক সাহায্য করতেও প্রস্তুত সরকার ৷ এর বাইরে নিট ইস্যুকে ঘিরে দিল্লি এবং বিজেপি শাসিত রাজ্যগুলিতে যে আন্দোলন হচ্ছে, তাতে যেসব পড়ুয়াদের বিরুদ্ধে এফআইআর হয়েছে, সেগুলি প্রত্যাহার করে নেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছে কেন্দ্র ৷ যৌথ সাংবাদিক বৈঠকে সৌরভ দাস বলেন, “সিজেপি’র ঘোষণা, আমরা বিক্ষোভ তুলে নিচ্ছি ৷ আমাদের বিশ্বাস, এই সমঝোতার ভিত্তিতে আগামী দিনে নির্ধারিত সময়ের মধ্যে সব শর্ত বাস্তবায়িত হবে ৷” আরেক মুখপাত্র আশুতোষ রাঙ্কা বলেন, “36 দিন ধরে একটানা আন্দোলনের পর সরকার আমাদের সব দাবিদাওয়া মেনে নিয়েছে ৷ আমরা সবাইকে অনুরোধ করছি, প্রত্যেকে বিক্ষোভস্থল থেকে শান্তিপূর্ণভাবে বাড়ি ফিরে যান ৷”

সৌরভ জানান, তাঁরা দাবিদাওয়া সংক্রান্ত একটি খসড়া সরকারের হাতে তুলে দিয়েছেন ৷ সরকার সেই দাবিদাওয়াগুলির লিখিত গ্যারান্টি মঙ্গলবার তাঁদের দেবেন ৷ জেপি নাড্ডা জানান, সিজেপি-র প্রতিনিধিরা তাঁদের সঙ্গে এই নিয়ে তৃতীয় বার বৈঠক করলেন ৷ তাঁদের দেওয়া খসড়ায় বিক্ষুব্ধদের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর প্রত্যাহারের আবেদন জানানো হয়েছে ৷ এছাড়া বিক্ষোভকারীদের বিরুদ্ধে এরপর কোনও পদক্ষেপ করা হবে না, এই প্রতিশ্রুতিও চাওয়া হয়েছে ৷ আর নিট প্রশ্নপত্র ফাঁস হওয়ায় যে সব পড়ুয়ারা নিজেদের জীবন শেষ করেছেন, তাঁদের পরিবারকে আর্থিক সাহায্য করার দাবি জানানো হয়েছে ৷ কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা বলেন, “আমরা সব ইস্যুগুলি বিস্তারিত আলোচনা করেছি ৷ বিক্ষোভকারীদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা হবে না, এফআইআর প্রত্যাহার করা হবে ৷ সে দিল্লিই হোক বা অন্য বিজেপি শাসিত রাজ্য, সব জায়গা থেকেই প্রত্যাহার করা হবে ৷” নিট প্রশ্নপত্র ফাঁসের দায় নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে গত 20 জুন থেকে যন্তর মন্তরে বিক্ষোভ করছে সিজেপি ৷ গত 18 জুলাই এই মঞ্চ থেকে সমাজকর্মী সোনম ওয়াংচুককে জবরদস্তি সফদরজঙ্গ হাসপাতালে নিয়ে যায় দিল্লি পুলিশ ৷ দিল্লি কোর্টের ডিভিশন বেঞ্চের রায়ে তাঁকে তাঁর পছন্দে মেদান্তা হাসপাতালে স্থানান্তরিত করা হয় ৷ পরে 24 জুলাই তিনি অনশন ভঙ্গ করেন ৷