কোচবিহারের শীতলখুচির পর এবার ভোট চলাকালীন গুলি চালানোর অভিযোগ উত্তর ২৪ পরগনার বাগদায়। পুলিশের চালানো গুলিতে দলের ২ কর্মী জখম বলে অভিযোগ তুলছে বিজেপি। পাল্টা পুলিশের অভিযোগ, এক আধিকারিক এবং এক কনস্টেবলও আহত হয়েছেন। বিজেপি-র অভিযোগ, বাগদার ৩৫ নম্বর বুথে তাদের নির্বাচনী কার্যালয় ভাঙচুর করার ঘটনাকে ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে এলাকার পরিস্থিতি। বিজেপি কর্মীদের সঙ্গে পুলিশের খণ্ডযুদ্ধও বাধে বলে জানা গিয়েছে। পাল্টা পুলিশের দাবি, ধারালো অস্ত্রের আঘাতে জখম বাগদা থানার ওসি উত্পল সাহা। আহত এক কনস্টেবলও। অভিযান চলাকালীন পুলিশকে তেড়ে যেতে দেখা গিয়েছে। পাশাপাশি, কয়েক বার গুলি চালানোর মতো আওয়াজও শোনা গিয়েছে ওই ভিডিও-তে। যদিও ওই ভিডিও সত্যতা যাচাই করেনি বঙ্গনিউজ ।

