বিধানসভার অন্দরে বিরোধী বিধায়কদের উদ্দেশে মুখ্যমন্ত্রীর অসংযত ও কুরুচিকর মন্তব্য ঘিরে নতুন করে উত্তপ্ত মহারাষ্ট্রের রাজনীতি। মুম্বই-পুণে এক্সপ্রেসওয়ের ‘মিসিং লিঙ্ক’ প্রকল্পের বেহাল দশা নিয়ে প্রশ্ন তোলায় বিরোধীদের তীব্র আক্রমণ করলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস। তাঁর এই আচরণের বিরুদ্ধে সরব হয়েছে কংগ্রেস, উদ্ধবসেনা তথা মরাঠা রাজনীতির অন্যতম মুখ রাজ ঠাকরেও। ঘটনার সূত্রপাত মুম্বই-পুণে এক্সপ্রেসওয়ের স্বপ্নের প্রকল্প ‘মিসিং লিঙ্ক’ করিডরকে কেন্দ্র করে। বিপুল অর্থ ব্যয়ে নির্মিত এই প্রকল্পের উদ্বোধন খোদ মুখ্যমন্ত্রীই করেছিলেন। কিন্তু প্রথম বর্ষাতেই ধস নেমে ১৮ ঘণ্টারও বেশি সময় যান চলাচল বন্ধ রাখতে হয়। এই প্রযুক্তিগত ত্রুটি ও দুর্নীতির অভিযোগ তুলে বিধানসভায় সরব হন বিরোধীরা। কিন্তু গঠনমূলক আলোচনার পরিবর্তে মুখ্যমন্ত্রী জবাবি বক্তৃতায় ব্যক্তিগত আক্রমণকেই বেছে নেন। বিরোধী বেঞ্চের দিকে আঙুল তুলে ফড়নবিস (CM Devendra Fadnavis) বলেন, ‘‘আপনাদের কথা এখন কুকুরও শোনে না। সমাজমাধ্যমই আপনাদের একমাত্র ভরসা।’’ এখানেই থামেননি তিনি, বিরোধীদের ‘মিথ্যাবাদী’, ‘দেশদ্রোহী’ এবং ‘ভাড়াটে টাট্টু’র মতো শব্দে ভূষিত করেন। এমনকি, তাঁর মন্তব্য— ‘‘এদের আচরণ দেখলে মনে হয়, এক কোটি মিথ্যাবাদীর মৃত্যুর পর এদের জন্ম হয়েছে।’’ সরকারের এই প্রকল্প নিয়ে প্রশ্ন তোলায় বিরোধীরা পরিকল্পিতভাবে মহারাষ্ট্রের বদনাম করছে বলেও দাবি করেন মুখ্যমন্ত্রী। এই মন্তব্যের প্রেক্ষিতে মহারাষ্ট্র নবনির্মাণ সেনার প্রধান রাজ ঠাকরে তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘‘সরকারি প্রকল্পের অনিয়ম নিয়ে প্রশ্ন তোলা কি মহারাষ্ট্রকে অপমান করা? সরকারের সমালোচনা করলেই তা দেশদ্রোহিতা হয়ে যায় না।’’ অন্যদিকে, উদ্ধবসেনা নেতা সঞ্জয় রাউত সমাজমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দিয়ে প্রশ্ন তুলেছেন, ‘‘দেবেন্দ্র ফড়নবিস কি মহারাষ্ট্রে অঘোষিত জরুরি অবস্থা জারি করেছেন? দুর্নীতি ও লুটপাট নিয়ে সাধারণ মানুষ প্রশ্ন তুললে তা সহ্য করা হচ্ছে না।’’

