ঝাড়খণ্ডে ভারী বৃষ্টির জেরে গালুডি ব্যারেজ থেকে ৬ লক্ষ ২৫ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে ৷ তার জেরে হু হু করে জলস্তর বাড়ছে সুবর্ণরেখা নদীর৷ এই পরিস্থিতিতে ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ১ ও ২ নম্বর ব্লকের সুবর্ণরেখা নদী তীরবর্তী গ্রামগুলিতে সর্তকতা জারি করা হয়েছে ৷ ইতিমধ্যে, গোপীবল্লভপুর ১ নম্বর ব্লকের সাতমা গ্রামে সুবর্ণরেখার জল ঢুকতে শুরু করেছে ৷ ফলে গ্রামবাসীদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে গিয়েছে প্রশাসন ৷  জল ছাড়ায় বাড়তি সতর্কতা হিসাবে ত্রাণ শিবির খুলেছে ঝাড়গ্রাম জেলা প্রশাসন ৷ মৎস্যজীবীদের নদীতে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে ৷ জানা গিয়েছে, শনিবার বিকেল থেকে দফায় দফায় গালুডি ব্যারেজ থেকে ৬ লক্ষ ২৫ হাজার কিউসেক জল ছাড়ার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ ৷ যার পরেই প্রতি ঘণ্টায় প্রায় ১০ সেন্টিমিটার করে বাড়ছে সুবর্ণরেখা নদীর জলস্তর ৷