কাজে গাফিলতির অভিযোগ উঠল ভবানীপুর বিধানসভা কেন্দ্রের ফ্লায়িং স্কোয়াডের তিন আধিকারিকের বিরুদ্ধে । এই তিনজন আধিকারিককে অবিলম্বে সাসপেনশন ও বিভাগীয় তদন্তের নির্দেশ দিলেন দক্ষিণ কলকাতার জেলা নির্বাচনী আধিকারিক । তাঁদের তিনজনের বিরুদ্ধে অভিযোগ যে গত 17 এপ্রিল রাতের শিফটে ফ্লাইং স্কোয়াডের দায়িত্বে থাকা এই আধিকারিকরা নির্ধারিত কাজ করেননি । কেন্দ্রীয় ব্যয় পর্যবেক্ষক ডি. রঞ্জিত কুমার সারপ্রাইজ ভিজিটে এসে দেখেন তাঁরা ভবানীপুর পুলিশ স্টেশনের বাইরে নিজেদের নির্ধারিত কাজ না করে বসে ছিলেন । রাত সাড়ে দশটা থেকে 11 টার মধ্যে পরিদর্শনের সময় কোনও কাজের রেকর্ড বা নথিও দেখাতে পারেননি তাঁরা ।এই ঘটনায় অভিযুক্তদের মধ্যে রয়েছেন স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার এলডিসি সত্যরঞ্জন পাল, দুর্গাবালা দত্ত গার্লস স্কুলের শিক্ষক সৌভিক নন্দী এবং স্টেশনারি দফতরের ইউডিসি সুরঞ্জন দাস । তিনজনের বিরুদ্ধেই দায়িত্বে গাফিলতি ও নিয়ম না মানার অভিযোগ আনা হয়েছে । জেলা নির্বাচন আধিকারিক সংশ্লিষ্ট দফতরগুলিকে অবিলম্বে তাঁদের সাসপেন্ড করে বিভাগীয় তদন্ত শুরু করার নির্দেশ দিয়েছেন । পাশাপাশি, 21 এপ্রিল দুপুর দু’টোর মধ্যে রিপোর্ট জমা দেওয়ার কথাও বলা হয়েছে ।

