ফের চমক গেরুয়া শিবিরের ৷ জোড়াফুল শিবির ছেড়ে পদ্ম শিবিরে যোগ দিলেন কিংবদন্তি টেনিস তারকা লিয়েন্ডার পেজ ৷ ২০২১ সালে তৃণমূলে যোগ দিয়েছিলেন লিয়েন্ডার পেজ। সেবার তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে ঘাসফুলের পতাকা হাতে তুলে নেন ৷ মঙ্গলবার দিল্লিতে বিজেপির সদর দফতরে কেন্দ্রীয় মন্ত্রীদের উপস্থিতিতে গলায় গেরুয়া উত্তরীয় পরে দল বদল করলেন লিয়েন্ডার ৷ হাতে তুলে নেন বিজেপির পতাকা ৷ বাংলার ‘রাজনৈতিক পালাবাদলে’ লিয়েন্ডারের বড় ভূমিকা নেবেন বলে আশা গেরুয়া শিবিরের ৷ কিছুদিন আগে 24 মার্চ কলকাতায় বিজেপি সভাপতি নিতিন নবীনের সঙ্গে দেখা করেছিলেন। তারপর থেকেই জল্পনা তৈরি হয়েছিল লিয়েন্ডারকে নিয়ে। কবে তিনি বিজেপিতে যোগ দেবেন, তা নিয়ে চলছিল চর্চা। সেদিন উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্যও। যদিও সে সময়ে বিজেপির রাজ্য বা কেন্দ্রীয় নেতৃত্ব এ নিয়ে মুখ খোলেনি। নিউটাউনের যে হোটেলে নীতিন ছিলেন, সেখানে গিয়েছিলেন লিয়েন্ডার। সাক্ষাৎ হয় বিজেপির সভাপতির সঙ্গে। সেই জল্পনার অবসান ঘটল মঙ্গলবার ৷ আজ কেন্দ্রীয় মন্ত্রী কিরেণ রিজিজু ও সুকান্ত মজুমদারের উপস্থিতিতে দিল্লিতে বিজেপির সদর দফতরে যোগ দেন লিয়েন্ডার ৷ যোগদান অনুষ্ঠানে কিংবদন্তি খেলোয়াড়ের ভূয়সী প্রশংসা করেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী কিরেণ রিজিজু ৷ টেনিস কিংবদন্তীর খেলোয়াড় জীবনের একাধিক সাফল্যের কথাও তুলে ধরেন মন্ত্রী ৷ লিয়েন্ডার পেজ এদিন বিজেপিতে যোগ দিয়ে বলেন, “আজ আমার জীবনে একটি বড় দিন ৷ আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপি সভাপতি নিতিন নবীনকে ধন্যবাদ জানাতে চাই। আমি আমার বাবা-মা ও পুরো পরিবার দেশের জন্য গৌরব বয়ে আনতে 40 বছর টেনিস খেলেছি ৷ কিন্তু এখন আমি দায়িত্ব নিয়েছি তরুণদের এগিয়ে দেওয়ার ৷ কিরেণ রিজিজু ‘খেলো ইন্ডিয়া’র মাধ্যমে দেশের তরুণ প্রজন্মকে অনেকটা এগিয়ে যেতে সাহায্য করেছেন। আমাকে এই সুযোগ দেওয়ার জন্য কিরেণ রিজিজুর কাছে কৃতজ্ঞ ৷ এবার নতুন মাঠে খেলার সুযোগ। দেশসেবার সুযোগ পাব। দেশ ও দেশের যুব সম্প্রদায়ের সঙ্গে কাজ করব।”

