তারকেশ্বরের প্রাক্তন পুরপ্রধান তথা তৃণমূল নেতা উত্তম কুণ্ডুকে গ্রেপ্তার করল পুলিশ । তাঁর বিরুদ্ধে টাকা হাতানো, জমি লুট এবং নির্মীয়মাণ ফ্ল্যাট জোরপূর্বক দখলের মতো একগুচ্ছ গুরুতর অভিযোগ রয়েছে। বর্তমানে তিনি ঋতব্রতপন্থী তৃণমূলের হয়ে আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি হিসেবে দায়িত্ব সামলাচ্ছিলেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার তাঁকে চন্দননগর আদালতে পেশ করা হবে। দীর্ঘদিন ধরে পুলিশের চোখ এড়িয়ে পলাতক ছিলেন এই প্রভাবশালী তৃণমূল নেতা। তাঁর বিরুদ্ধে কলকাতার এক ব্যবসায়ীর কাছ থেকে প্রায় ৪০ লক্ষ টাকা প্রতারণা করে হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। পাশাপাশি, স্থানীয় এলাকায় জমি দখল ও ফ্ল্যাট জবরদখলের একাধিক ঘটনায় তাঁর সরাসরি যুক্ত থাকার অভিযোগ ওঠে। রাজ্যে সাম্প্রতিক রাজনৈতিক পালাবদলের পর, গত ২৫ জুন কলকাতার ব্যবসায়ী তথা প্রমোটার রাজেশ আগরওয়াল তারকেশ্বর থানায় উত্তম কুন্ডুর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। মামলা রুজু হওয়ার পর থেকেই গা ঢাকা দিয়েছিলেন প্রাক্তন এই পুরপ্রধান। অবশেষে গোপন সূত্রের খবর পেয়ে কলকাতা থেকে তাঁকে পাকড়াও করে পুলিশ।

