মাদুরাইয়ের সভা থেকে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের দামামা বাজিয়ে দিলেন দক্ষিণী সুপারস্টার বিজয়। তামিল রাজনীতিতে সুপারস্টারদের রমরমা নতুন কোনও ঘটনা নয়। এনটি রামা রাও থেকে শুরু করে জয়ললিতা, কমল হাসান থেকে হালফিলের বিজয়, প্রায় সকলেই নিজস্ব স্টাইলে জয় করেছেন ভোটারদের মন। এবার সেই লক্ষ্যে আরেকটু এগোলেন সুপারস্টার বিজয়। “সিংহ সবসময় সিংহই থাকে,” বৃহস্পতিবার মাদুরাইতে কার্যত এমনই হুঙ্কার দিলেন অভিনেতা বিজয়। তাঁর দল টিভিকে-র দ্বিতীয় রাজ্য সম্মেলনে হাজার হাজার সমর্থক জড়ো হয়। সেখানেই তিনি ২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে ‘একলা চলো’ নীতি গ্রহণের কথা ঘোষণা করেন। শুধু নিজে লড়ার ঘোষণাই নয় পাশাপাশি রাজ্য নির্বাচনে কোনও জোটের সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন তিনি। সমাবেশে বিজয় বলেন, বিজেপি তার ‘আদর্শগত শত্রু’ এবং ক্ষমতাসীন ডিএমকে ‘একমাত্র রাজনৈতিক শত্রু’। বিজয় আরও বলেন, “আমাদের একমাত্র আদর্শগত শত্রু বিজেপি, আমাদের একমাত্র রাজনৈতিক শত্রু ডিএমকে… টিভিকে এমন কোনও দল নয় যা কেবল রাজনৈতিক সুবিধার জন্য তৈরি হয়েছিল।”