হলদিয়া পেট্রোক্যামিকেলস-এর শিল্পতালুকে ভয়াবহ অগ্নিকাণ্ড। এদিন শিল্পতালুকের ভিতরে আগুন লেগেছে বলে জানা গিয়েছে। দূর থেকেই হলদিয়া শিল্পতালুকের ভিতরে ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। শিল্প তালুকে দাহ্য ও অতি দাহ্য পদার্থ মজুত রয়েছে, তাই দ্রুত আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে বিশাল দমকলবাহিনী। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালানো হচ্ছে দমকলের তরফে। বড়সড় কোনও ক্ষয়ক্ষতি ও প্রানহানি ঘটেনি এখনও পর্যন্ত। কেউ আটকে পড়লে দ্রুত উদ্ধার করার চেষ্টা চলছে দমকলের তরফে। সূত্রের খবর, এক কারখানা থেকেই আগুন ছড়িয়ে পড়ে। সেই কারখানার একতলায় কাজ করছিলেন কিছু শ্রমিক। আচমকাই বিস্ফোরণের শব্দে সকলেই দ্রুত বাইরে বেড়িয়ে আসে। তবে হতাহতের কোনও খবর নেই বলেই জানা গিয়েছে। দমকল সূত্রে জানা গিয়েছে, আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসা গিয়েছে, ফোমের ব্যবহারে দ্রুত সমস্যা মিটে গিয়েছে। যেহেতু পেট্রোকেমিক্যালস এলাকায় আগুন লেগেছিল তাই চিন্তার কারণ ছিল। দাহ্য পদার্থ ও অতি দাহ্য পদার্থ মজুত ছিল যা ক্ষতি করতে পারত সমস্ত এলাকার। দমকলের বিশাল বাহিনীর সঙ্গে জায়গায় পৌঁছেছে বিশাল পুলিশ বাহিনী। শ্রমিকদের কারখানা থেকে বের করে অন্যত্র নিয়ে যাওয়া হচ্ছে বলে জানা গিয়েছে।