বিধানসভা নির্বাচন পরবর্তী হিংসায় উস্কানি দেওয়ার অভিযোগ সংক্রান্ত মামলায় অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়কে অন্তর্বর্তী রক্ষাকবচ দিল কলকাতা হাইকোর্ট । শুক্রবার বিচারপতি অজয় কুমার মুখোপাধ্যায় নির্দেশ দিয়েছেন, আগামী চার সপ্তাহের জন্য পরমব্রত চট্টোপাধ্য়ায়ের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করা যাবে না । তবে তদন্ত চালিয়ে যেতে পারবে পুলিশ ৷ সেক্ষেত্রে পরমব্রতকে তদন্তে সহযোগিতা করতে হবে বলেও জানিয়েছে আদালত । এদিন অভিনেতা পরমব্রতর পক্ষে আইনজীবী আদালতে জানান, 5 বছরের বেশি হয়ে যাওয়া একটি মন্তব্যকে কেন্দ্র করে এখন এফআইআর দায়ের করা হয়েছে । শুনানিতে বিচারপতি অবশ্য বলেছেন, “তদন্ত হচ্ছে হোক । তবে অভিনেতার বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করা যাবে না ।” পাশাপাশি অভিনেতাকে পুলিশের সঙ্গে সহযোগিতা করতে হবে বলেও জানান বিচারপতি । 2021 সালে বিধানসভা নির্বাচনের পর ভোট পরবর্তী হিংসা নিয়ে উস্কানিমূলক মন্তব্য সোশাল মিডিয়ায় পোস্ট করার অভিযোগে কিছুদিন আগে গড়িয়াহাট থানায় অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় এবং অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের হয় ৷ আইনজীবী জয়দীপ সেন নামে এক ব্যক্তি থানায় সেই অভিযোগ দায়ের করেন । পুলিশ পরে তা জামিন অযোগ্য ধারায় ভারতীয় দণ্ডবিধির 109 (প্ররোচনা) ও 153 (এ) (ঘৃণা ছড়ানো)-র মতো গুরুতর ধারায় অভিনেতার বিরুদ্ধে মামলা রুজু করে । সেই মামলাকেই চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বাংলা সিনেমার এই অভিনেতা ।