সক্রিয় মৌসুমী বায়ু । বর্ষা এখন রাজ্যজুড়ে । আগামী সাতদিন উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে । অতি ভারী বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে । দক্ষিণবঙ্গেও বৃষ্টি বাড়ার পাশাপাশি বজ্রবিদ্যুৎ ও দমকা হাওয়ার পূর্বাভাসও রয়েছে । বৃহস্পতিবার সন্ধ্যায় কলকাতা এবং তার পার্শ্ববর্তী জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হয়েছে । আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশের করার ফলে আগামী কয়েক দিন পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে । বিশেষ করে উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী এবং কোথাও কোথাও অতিভারী বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে ।

উত্তরবঙ্গে আগামী সাতদিন বর্ষণ অব্যাহত

আজ 19 জুন শুক্রবার থেকে 24 জুন বুধবার পর্যন্ত উত্তরবঙ্গের ওপরের পাঁচটি জেলা অর্থাৎ, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুরে বিস্তীর্ণ এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে । 20 জুন শনিবার আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে এক বা দুই জায়গায় 20 সেন্টিমিটারের বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে । এছাড়া দার্জিলিং, কালিম্পং, কোচবিহার ও উত্তর দিনাজপুরেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস । পাশাপাশি মালদা, দুই দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ 30 থেকে 50 কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে ।

দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন আবহাওয়া যেমন থাকবে

অন্যদিকে, দক্ষিণবঙ্গেও ঝড়বৃষ্টি বাড়ার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস । আজ 19 জুন শুক্রবার থেকে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া, উত্তর 24 পরগনা, দুই বর্ধমান এবং হুগলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে । অনেক জেলায় 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে ।

20 জুন শনিবার থেকে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টি ও বজ্রপাত-সহ ঝড় বাড়বে । উপকূল ও পশ্চিমের জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়ার সম্ভাবনা বেশি । তবে আগামী দু’দিন পশ্চিম বর্ধমান, পুরুলিয়া ও বাঁকুড়া জেলায় গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকতে পারে ।

রবিবার 21 জুন থেকে 24 জুন বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়ার পূর্বাভাস বজায় থাকবে । এর মধ্যে রবিবার হুগলি, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে । সঙ্গে ঘণ্টায় 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে ।

22 জুন সোমবার পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, দুই মেদিনীপুর ও দুই 24 পরগনায় বৃষ্টির দাপট বাড়বে ।

23 জুন মঙ্গলবার ঝাড়গ্রাম, দুই মেদিনীপুর, দুই 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ ও বীরভূমে একাধিক স্থানে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস ।

24 জুন বুধবার বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনায় বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়া বওয়ার সম্ভাবনা রয়েছে ।