কালীঘাট তৃণমূল কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্টে আর্থিক লেনদেন আপাতত বন্ধই থাকছে ৷ তাদের পক্ষ থেকে এই আর্থিক লেনদেন চালু রাখার যে আর্জি জানানো হয়েছিল, তা নিয়ে আপাতত কোনও সুরাহা হল না । ওই অ্যাকাউন্টের আর্থিক লেনদেন নিয়ে এদিন হলফনামা তলব করেছে কলকাতা হাইকোর্ট। এইচডিএফসি ব্যাংকের সেন্ট্রাল প্লাজা ব্রাঞ্চের ম্যানেজারকে আগামী বুধবার তৃণমূল কংগ্রেসের আর্থিক তহবিলের মোট আমানত, ব্যাংকের লেনদেন সংক্রান্ত তথ্য নিয়ে হলফনামা দিতে নির্দেশ দিয়েছেন বিচারপতি বিচারপতি সৌগত ভট্টাচার্য । আগামী আট জুলাইয়ের মধ্যে এই নথি চেয়েছে আদালত । ওই দিনই ফের এই মামলার শুনানি হবে ৷
উল্লেখ্য, কালীঘাট তৃণমূল কংগ্রেসের মধ্যে ডামাডোল চলায় কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাস ব্যাংককে চিঠি দিয়ে আপাতত লেনদেন বন্ধ রাখার আর্জি জানিয়েছিলেন । পুলিশ 18 জুন এফআইআর দায়ের করে এই ঘটনায় তদন্ত শুরু করে । ফ্রিজ করে রাখা হয়েছে ব্যাংকের অ্যাকাউন্ট । সেই অ্যাকাউন্টের লেনদেন চালু করতে কলকাতা হাইকোর্টে আবেদন জানিয়েছিল কালীঘাট তৃণমূল । বৃহস্পতিবার মামলার শুনানিতে কালীঘাট তৃণমূল কংগ্রেসের আইনজীবী রুদ্র নন্দী বলেন, “অরূপ বিশ্বাস, যিনি কোষাধ্যক্ষ ছিলেন, তাঁর চিঠির পরিপ্রেক্ষিতে তিনটি অ্যাকাউন্টে লেনদেন বন্ধ করে দেওয়া হয় ।” তৃণমূল কংগ্রেসের আইনজীবী কিশোর দত্ত তখন বলেন, “তিনটি নয়, আরও অন্তত পাঁচটি ব্যাংক অ্যাকাউন্টে শুধুমাত্র সন্দেহের কারণে লেনদেন বন্ধ করে দেওয়া হয়েছে । যাতে কোনও বেআইনি লেনদেন না-হয়, সেজন্য ব্যাংকে চিঠি দেওয়া হয়েছিল ।” এই বক্তব্য শুনে বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেন, “এবিষয়ে কোনও অন্তর্বর্তী নির্দেশ দেওয়া যাবে কি না, আজকে কোর্ট শুধুমাত্র তা বিচার করবে । অভিযোগ দায়ের হয়েছে । পুলিশ তদন্ত করছে। এই মুহূর্তে আদালতের হস্তক্ষেপ করা কি উচিত ? আদালতের দেখা দরকার যে, তদন্তের প্রয়োজনে তিনটি ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ রাখার আদৌ প্রয়োজন আছে কি না । তবে অভিযোগ যখন দায়ের হয়েছে, তখন তদন্তের স্বার্থে তো ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ রাখাই শ্রেয় !” বিচারপতি একথা বলার পর রাজ্য পুলিশের পক্ষে সলিসিটর জেনারেল তুষার মেহেতা বলেন, “এই অ্যাকাউন্টের টাকা যাতে সাইফন (বিদেশে চালান) না-হয় সেটা দেখা প্রয়োজন ।” জবাবে বিচারপতি বলেন, “আমি ব্যাংকের থেকে এবং অন্যান্য সব পক্ষের থেকে হলফনামা তলব করব । তারপর এই মামলার শুনানি করা হবে । তবে আপাতত যাতে পার্টি প্রতিদিনের খরচ চালাতে পারে তার ব্যবস্থা করতে হবে । 18 জুন এবিষয়ে অভিযোগ দায়ের হয়েছে এবং অভিযোগ যেটা দায়ের হয়েছে তাতে সুনিশ্চিত কোনও কারণ উল্লেখ করা হয়নি ।”

