দ্বিতীয়বার অসমের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন হিমন্ত বিশ্বশর্মা ৷ এনডিএ-র চার বিধায়কও তাঁর সঙ্গেই মঙ্গলবার শপথবাক্য পাঠ করেন ৷ এ নিয়ে পরপর তিনবার অসমে সরকার গড়ল বিজেপির নেতৃত্বাধীন এনডিএ ৷ প্রথমবার মুখ্যমন্ত্রী হয়েছিলেন সর্বানন্দ সোনওয়াল ৷ তিনি এখন কেন্দ্রীয় মন্ত্রী ৷ এরপর 2021 এবং 2026 সালে মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন হিমন্ত ৷ মঙ্গলবার গুয়াহাটির খানাপাড়ায় আয়োজিত অনুষ্ঠানে তাঁদের শপথবাক্য পাঠ করান রাজ্য়পাল লক্ষ্মীপ্রসাদ আচার্য ৷ হিমন্তের সঙ্গে এদিন শপথ নেন বিজেপি বিধায়ক রামেশ্বর তেলি এবং অনন্ত নিয়োগ, অমস গণ পরিষদের অতুল বোরা এবং বিপিএফের চরণ বোড়ো ৷ এদিনের অনুষ্ঠান ঘিরে চাঁদের হাট বসেছিল ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে শুরু করে একাধিক কেন্দ্রীয় মন্ত্রী হাজির ছিলেন ৷ ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী থেকে শুরু করে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা ৷ অন্ধপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু, দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা থেকে শুরু করে আরও অনেকে উপস্থিত ছিলেন ৷ বেশ কয়েকজন উপ-মুখ্যমন্ত্রীও ছিলেন শপথগ্রহণ অনুষ্ঠানে ৷ অংশ নিয়েছিলেন বিজেপির সভাপতি নিতিন নবীনও ৷ হিমন্ত ছাড়া যাঁরা আজ শপথ নিয়েছেন, তাঁদের মধ্যে রমেশ তেলি প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ৷ এবার রাজ্য মন্ত্রিসভার সদস্য হলেন তিনি ৷ বাকি তিন জনই বিশ্বশর্মার ক্যাবিনেটের অংশ ছিলেন ৷ আগের সরকারে অনন্ত নিয়োগ ছিলেন অর্থমন্ত্রী ৷ অতুল বোরা ছিলেন কৃষিমন্ত্রী ৷ পরিবহণ দফতরের দায়িত্বে ছিলেন চরণ বোড়ো ৷ 9 এপ্রিল অসমের 126টি বিধানসভা আসনে নির্বাচন হয় ৷ মে মাসের 4 তারিখ ফল প্রকাশের পর দেখা যায় 102টি আসনে জিতেছে এনডিএ ৷ তার মধ্যে একাই 82টি আসনে জেতে বিজেপি ৷ এবারের নির্বাচন শুরুর আগেও হিমন্তের নাম জড়ায় বিতর্কে ৷ কংগ্রেস নেতা পবন খেরা দাবি করেন, হিমন্তের স্ত্রী রিণিকির কাছে ভারত ছাড়া আরও তিনটি দেশের পাসপোর্ট আছে ৷ পাশাপাশি তাঁর নামে থাকা দুবাইয়ের সম্পত্তির উল্লেখ নির্বাচন কমিশনকে দেওয়া হলফনামায় উল্লেখ করেননি হিমন্ত ৷ অভিযোগ উড়িয়ে পবনের নামে এফআইআর দায়ের করেন মুখ্যমন্ত্রী-জায়া ৷ পরে সুপ্রিম কোর্ট থেকে আগাম জামিন পান এই কংগ্রেস নেতা ৷ রাজনীতিতে হিমন্তের পূর্বাশ্রম কেটেছে কংগ্রেসে ৷ 1996 সালে প্রথমবার কংগ্রেসের টিকিটে জুলুকবাড়ি কেন্দ্রে থেকে জেতেন ৷ এবার নিয়ে মোট সাতবার তিনি ওই কেন্দ্রেরই বিধায়ক ৷ কংগ্রেসের আমলে অসম সরকারের বিভিন্ন গুরুদায়িত্ব পালন করা হিমন্ত 2015 সালে যোগ দেন বিজেপিতে ৷