টলিউড অভিনেত্রী তথা তৃণমূল সাংসদ নুসরত জাহানের বিরুদ্ধে প্রায় ২৪ কোটি টাকা প্রতারণার অভিযোগ নিয়ে সোমবার ইডির দ্বারস্থ হয়েছিলেন বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা। পরে সেই অভিযোগ সমর্থন করতে দেখা গিয়েছিল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও৷ আজ, বুধবার গোটা বিষয়টি নিয়ে সর্বসমক্ষে মুখ খুললেন অভিনেত্রী৷ স্পষ্ট, দৃঢ় কণ্ঠে দাবি করলেন, তাঁর বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ ভিত্তিহীন৷ উক্ত সংস্থার থেকে বাড়ি কেনার জন্য তিনি ঋণ নিয়েছিলেন বটে, তবে গোটা টাকাই সুদ সমেত ফেরতও দিয়ে দিয়েছিলেন৷ তা-ও বহু আগেই৷ এদিন বেলা ৩টে নাগাদ প্রেস ক্লাবে পৌঁছন নুসরত৷ সেখানেই তিনি সাংবাদিক বৈঠক করেন৷ বৈঠকে নুসরত দাবি করেন, ‘‘যে কোম্পানির নামে অভিযোগ উঠেছে৷ ওই কোম্পানির সাথে আমি জড়িত ছিলাম না৷ সেই কোম্পানি থেকে আমি মার্চ ১, ২০১৭ সালে ইস্তফা দিই৷’’ মঙ্গলবার শুভেন্দু অধিকারী অভিযোগ করেছিলেন, বসিরহাটের তৃণমূল সাংসদ সরাসরি দুর্নীতির সঙ্গে যুক্ত। প্রবীণ ব্যক্তিদের কাছ থেকে ফ্ল্যাট পাইয়ে দেওয়ার নামে টাকা নিয়ে সাংসদ নিজে এক কোটি ৫৫ লক্ষ টাকা দিয়ে একটি ফ্ল্যাট কিনেছেন। এদিন সেই ফ্ল্যাট কেনার বিষয়টি নিয়ে বিশদে ব্যাখ্যা দেন নুসরত৷ তাঁর দাবি, ‘‘অভিযোগ রয়েছে, আমার বাড়ি দুর্নীতির টাকা দিয়ে কেনা৷ এই কোম্পানি থেকে আমি একটা লোন নিয়েছিলাম৷ লোনের অ্যামাউন্ট ১ কোটি ১৬ লক্ষ ৩০ হাজার ২৮৫ টাকা৷ এবং, ২০১৭ সালের ৬মে সুদ সহ ১ কোটি ৪০ লক্ষ ৭১ হাজার ৯৯৫ টাকা কোম্পানিকে ফেরত দিই৷’’