তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব থামাতে পিস্তল উঁচিয়ে শাসানি! শাস্তির মুখে পড়তে হল মানিকচক থানার এসআই সমীর সাহাকে। গোষ্ঠীদ্বন্দ্ব ও বোমাবাজির লড়াই থামাতে গিয়ে চড়া মেজাজে এলাকায় দাপিয়ে শাস্তির মুখে পড়তে হল মানিকচক থানার এসআই সমীর সাহাকে। জেলা পুলিশ সূত্রের খবর, গত রবিবার মানিকচক থানার বালুটোলা এলাকায় তৃণমূলের দুই গোষ্ঠীর বোমাবাজি থামাতে গিয়ে বন্দুক উঁচিয়ে দুষ্কৃতীদের তাড়া করেছিল এসআই সমীর সাহা। আর তারপরই ওই পুলিশ অফিসারকে ক্লোজ করা হয়েছে বলে সূত্রের খবর। এই ঘটনার পর জেলা পুলিশের একাংশ অফিসারদের মধ্যে অসন্তোষ ছড়িয়েছে। অনেকেই বলছেন, অপরাধ দমন করতে গিয়ে কড়া ভূমিকা নিয়েছিল মানিকচক থানার এসআই সমীর সাহা। অথচ তাঁকেই শাস্তির মুখে পড়তে হলো। যদিও এব্যাপারে মালদার পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব কোনও মন্তব্য করেননি।