উত্তরপ্রদেশঃ উত্তরপ্রদেশের কানপুরের একটি সরকারি হোমের এই ঘটনায় শহরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ৫৭ জন করোনা পজিটিভের মধ্যে ৫ জন অন্তঃসত্ত্বা। রাজ্য সরকার পরিচালিত ওই হোমে এক সপ্তাহে এই ৫৭ জনের শরীরে করোনা সংক্রমণ মিলেছে। আক্রান্ত ৫৭ জনকেই কোভিড হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে ওই হোমের কোনও কর্মীও শরীরে করোনা ভাইরাস মেলেনি। হোমের বাকি মহিলা ও কর্মীদের সেখানেই কোয়ারান্টিনে রাখার পাশাপাশি হোমটি সিল করে দিয়েছে প্রশাসন। রবিবার সকালে স্থানীয় সংবাদমাধ্যমে চাউর হয়, ওই হোমের দুই করোনা পজিটিভ মহিলা অন্তঃসত্ত্বা। সরকারি হোমে মহিলাদের নিরাপত্তা নিয়ে রাজ্যে তোলপাড় শুরু হয়ে যায়। রাতে কানপুরের জেলাশাসক বিডি তিওয়ারি জানান, দু’জন নয়। পাঁচ জন মহিলা অন্তঃসত্ত্বা। ডিসেম্বর মাসে হোমে আসা থেকেই তাঁরা অন্তঃসত্ত্বা ছিল। তিনি আরও জানান, পাঁচটি জেলা থেকে পৃথক পৃথক সংস্থা ওই ৫ মহিলাকে হোমে পাঠিয়েছিল। উত্তরপ্রদেশের মহিলা কমিশনের চেয়ারপার্সন পুনম কাপুর জানান, সম্প্রতি হোমের এক কর্মী কানপুর হাসপাতালে গিয়েছিলেন। তাঁর সঙ্গে আবাসিক দুই মহিলাও ছিলেন। তাঁরা হাসপাতালে কোভিড-১৯ রোগীর সংস্পর্শে আসার ফলেই হোমে এমন ব্যাপক সংক্রমণ ছড়িয়েছে বলেই মত তাঁর।