ভারতীয় সংস্থাগুলি রাশিয়ে থেকে তেল আমদানি করছে ৷ মার্কিন প্রেসিডেন্টের দাবি উড়িয়ে শনিবার এমনটাই দাবি এক সূত্রের ৷ আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম, তেলের মান, তেল মজুতের পরিমাণ, সরবরাহ ব্যবস্থা প্রক্রিয়া এবং অন্যান্য অর্থনৈতিক বিষয়গুলি বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি দাবি করেন, রাশিয়ার কাছ থেকে আর তেল কিনবে না ভারত বলে তাঁর কাছে খবর রয়েছে ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকারের এই পদক্ষেপকে ‘ভালো পদক্ষেপ’ বলে অভিহিত করেন মার্কিন প্রেসিডেন্ট ৷ যদিও এই বিষয়ে নতুন কোনও পরিবর্তন হয়েছে কি না, সেই বিষয়ে তাঁর কাছে কোনও খবর নেই বলেও জানান ট্রাম্প ৷ শনিবার মার্কিন প্রেসিডেন্টের সেই মন্তব্যের প্রেক্ষিতে ভারতীয় সূত্রের দাবি, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অপরিশোধিত তেল প্রস্তুতকারক দেশ হল রাশিয়া ৷ প্রতিদিন প্রায় 9.5 মিলিয়ন ব্যারেল তেল উৎপাদন করে পুতিনের দেশ, যা বিশ্বের চাহিদার 10 শতাংশ ৷ পাশাপাশি, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম রফতানিকারক দেশও হল মস্কো ৷ প্রতিদিন প্রায় 4.5 মিলিয়ন ব্যারেল তেল এবং 2.3 মিলিয়ন ব্যারেল পরিশোধিত পণ্য রফতানি করে তারা ৷ আন্তর্জাতিক বাজার থেকে ছিটকে যাওয়ার আশঙ্কায় 2022 সালের মার্চে ব্রেন্ট অপরিশোধিত তেলের ব্যারল প্রতি 137 মার্কিন ডলার দাম ধার্য করে মস্কো ৷ ভারতের একাধিক সূত্রের দাবি, “ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম জ্বালানি উপভোক্তা দেশ ৷ বিশ্বের একাধিক দেশ থেকে 85 শতাংশ অশোধিত তেল আমদানি করতে হয় ৷ এই চ্যালেঞ্জিং পরিস্থিতিতে আন্তর্জাতিক নিয়ম মেনে আয়ত্তের মধ্যেই সুকৌশলে জ্বালানি আমদানি করছে দেশ ৷” বুধবার ভারতের উপর 25 শতাংশ শুল্ক আরোপের কথা ঘোষণা করেন ট্রাম্প ৷ 7 অগস্ট থেকে নয়া শুল্ক ধার্য করা হবে বলে জানান মার্কিন প্রেসিডেন্ট ৷ সেই সঙ্গে, রাশিয়ার সঙ্গে অস্ত্র এবং তেল কেনাবেচার জন্য ভারতের উপর জরিমানা আরোপ করা হবে বলেও জানান তিনি ৷ ট্রাম্পের এই ঘোষণার পর ভারতীয় সংস্থাগুলি রুশ তেলা কেনা স্থগিত করে দিয়েছে বলে জল্পনা শুরু হয় ৷