তৃতীয়বার কুড়ি-বিশের ফরম্যাটে ভারত’কে বিশ্বচ্যাম্পিয়ন করে সরতে হয়েছে অধিনায়ক সূর্যকুমার যাদব’কে ৷ পরিবর্তে টি-20’তে ভারতের নতুন নেতা হয়েছেন শ্রেয়স আইয়ার ৷ কিন্তু অধিনায়ক হিসেবে শুরুটা সুখের হল না তাঁর ৷ আয়ারল্যান্ড সফরে প্রথম ম্যাচে 34 রানে হারল বিশ্বচ্যাম্পিয়নরা ৷ আর টিম ইন্ডিয়াকে হারিয়ে শুক্রবার বেলফাস্টে ঐতিহাসিক জয় পেল আইরিশ’রা ৷ এর আগে কোনও ফরম্যাটে আয়ারল্যান্ডের কাছে হারেনি ভারত ৷ বিশ্বচ্যাম্পিয়ন ভারতকে হারানো তাই আয়ারল্যান্ডের কাছে আক্ষরিক অর্থেই ইতিহাস ৷ 28 রানে তিন উইকেট নিয়ে এদিন বেলফাস্টে আয়ারল্যান্ডের জয়ের নায়ক ম্যাট হল্যার্ড ৷ আন্তর্জাতিক অভিষেকে ভারতের তারকাখচিত ব্যাটিংয়ের পাঠ নিলেন এই পেসার ৷ টস জিতে এদিন বেলফাস্টের অচেনা পরিবেশে হোম টিমকে প্রথম ব্যাটিংয়ে ডাকেন ভারত অধিনায়ক শ্রেয়স ৷ চোট সারিয়ে প্রত্যাবর্তনে উজ্জ্বল হর্ষিত রানা ৷ শুরুতেই জোড়া ঝটকা দেন তিনি ৷ 51 রানে চার উইকেট হারায় আয়ারল্যান্ড ৷ এরপর পঞ্চম উইকেটে নয়া অধিনায়ক লরকান টাকারের ব্যাটে ম্যাচে ফেরে তারা ৷ গ্যারেথ ডেলানির সঙ্গে তাঁর জুটিতে যোগ হয় 64 রান ৷ পাঁচটি চার ও দু’টি ছয়ে 36 বলে 50 রান আসে টাকারের ব্যাটে ৷ এরপর 32 বলে ঝোড়ো 49 রানের ইনিংস খেলে স্কোরবোর্ডে চ্যালেঞ্জিং রান তুলতে সাহায্য করেন ডেলানি ৷ মারেন তিনটি চার ও সমসংখ্যক ছক্কা ৷ মূলত এই দুই ব্যাটারের ইনিংসে ভর করে নয় উইকেটে 182 রান তোলে আয়ারল্যান্ড ৷ 24 রানে তিন উইকেট হর্ষিত রানার ৷ দু’টি করে উইকেট নেন আর্শদীপ সিং ও অক্ষর প্যাটেল ৷ প্রথমবার সিনিয়র স্কোয়াডে ডাক পেলেও ‘বিস্ময় বালক’ বৈভব সূর্যবংশীকে এদিন একাদশে রাখেনি ভারতীয় থিঙ্কট্যাঙ্ক ৷ পরিবর্তে পরিচিত সঞ্জু স্যামসন ও অভিষেক শর্মার ওপেনিং জুটিতেই ভরসা রাখে বিশ্বচ্যাম্পিয়নরা ৷ 19 বলে হাফসেঞ্চুরি হাঁকিয়ে একমাত্র সফল অভিষেক-ই ৷ ম্যাথু হাম্ফরেস, হল্যার্ড’দের দাপটে ব্যর্থ তারকাসমৃদ্ধ ভারতের বাকি ব্যাটিং লাইন-আপ ৷ 20 বলে 50 রানের বেশি লম্বা হয়নি অভিষেকের ইনিংস ৷ সঞ্জু ফেরেন পাঁচ রানে ৷ ভারতের হয়ে দ্বিতীয় সর্বাধিক 25 রান আসে শিবম দুবের ব্যাটে ৷ চূড়ান্ত ব্যাটিং বিপর্যয়ের সম্মুখীন হয়ে 18.5 ওভারে 148 রানে গুটিয়ে যায় ভারতের ইনিংস ৷ 38 রানে তিন উইকেট নেন হাম্ফরেস ৷ তবে ম্যাচের সেরা হল্যার্ড ৷ ঈশান কিষাণ (1), শ্রেয়স আইয়ার (3) ও ওয়াশিংটন সুন্দরের (9) উইকেট তাঁর ঝুলিতে ৷ সবমিলিয়ে লজ্জার হারে দু’ম্যাচের সিরিজে পিছিয়ে পড়ল টি-20’র বিশ্বচ্যাম্পিয়নরা ৷ 28 জুন দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে দুই দল ৷