banganews.net

জম্মু-কাশ্মীরে মর্মান্তিক দুর্ঘটনা. গাড়ি গভীর খাদ বেয়ে নীচে গিয়ে পড়ে গেলে কিষাণগঙ্গা নদীতে ৷ এই ঘটনায় অন্তত পাঁচ জন প্রাণ হারিয়েছেন ও বেশ কয়েকজন আহত হয়েছেন । নিহতদের মধ্যে রয়েছে 9 মাসের শিশুও । ঘটনাটি ঘটেছে সোমবার উত্তর কাশ্মীরের কুপওয়ারা জেলার কার্নাহ এলাকার সেমারিতে ৷ ঘটনার খবর পেয়ে পুলিশ ও জেলা প্রশাসনের আধিকারিকরা সেখানে আসেন ৷ তাঁরা কর্মীদের নিয়ে উদ্ধারকাজ শুরু করে । দুর্ঘটনার কবলে পড়া সবাইকে শেষ পর্যন্ত ঘটনাস্থল থেকে উদ্ধার করা সম্ভব হয়েছে । আহতদের প্রথমে তাংধরের উপ-জেলা হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা দেওয়া হয় এবং পরে আরও ভালো চিকিৎসার জন্য তাঁদের অন্যত্র স্থানান্তর করা হয় । পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে রয়েছেন কাসের দিনের 32 বছর বয়সি ছেলে মহম্মদ ইদ্রিস এবং তাঁর নয় মাস বয়সি মেয়ে হামজা । এর আগে নিশ্চিত নিহতের সংখ্যা দুই বলে জানানো হয়েছিল ৷ পরে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই দুর্ঘটনায় পাঁচ জন প্রাণ হারিয়েছেন । নিহত ও আহত অন্য সকলের পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি ৷ দুর্ঘটনাস্থলে তিনটি অ্যাম্বুলেন্স মোতায়েন করা হয়েছিল ৷ পরে উদ্ধারকাজ ও চিকিৎসা সহায়তার জন্য আরও অ্যাম্বুলেন্স পাঠানো হয় । তবে ঠিক কী কারণে গাড়িটি খাদ থেকে নদীতে গিয়ে পড়েছিল, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি । পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছে এবং বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ চালাচ্ছে । গাড়িটিকেও নদী থেকে তোলার চেষ্টা করা হচ্ছে ৷

জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা বলেন, “কুপওয়ারায় ভায়াবহ পথ দুর্ঘটনা ঘটেছে ৷ তাতে প্রাণহানির ঘটনায় আমি গভীরভাবে ব্যথিত । শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি আমার আন্তরিক সমবেদনা রইল । আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি । আহতদের সবরকম চিকিৎসা নিশ্চিত করার জন্য আমি জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছি ।” ঘটনায় শোকপ্রকাশ করেছেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহও ৷ তিনি বলেন, “কুপওয়ারার কার্নাহ-টাংধর এলাকায় এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় পাঁচজনের মৃত্যু এবং আরও কয়েকজন আহত হওয়ার ঘটনায় আমি গভীরভাবে শোকাহত । শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি আন্তরিক সমবেদনা রয়েছে ৷ প্রশাসন ও হাসপাতাল কর্তৃপক্ষকে আহতদের সবরকম চিকিৎসা দেওয়ার নির্দেশ দিয়েছি ।”